• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

দেশ গঠনে নেতাকর্মীদের প্রস্তুত হতে বললেন তারেক রহমান

   ৩০ জানুয়ারী ২০২৫, ০৮:৩১ পি.এম.

মাগুরা প্রতিনিধি
প্রত্যাশিত দেশ গঠনে দলীয় নেতাকর্মীদের প্রত্যেককে শপথ গ্রহণের মাধ্যমে নিজেদের প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পাশাপাশি লক্ষ্য পূরণের পথে যদি কোনো শক্তি বাধা হয়ে দাঁড়ায় সেখানে দলীয় প্রতিরোধ গড়ে তুলতে প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

মাগুরা, কুষ্টিয়া, মেহেরপুর এবং চুয়াডাঙ্গা জেলার বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাদের নিয়ে বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় মাগুরা অডিটোরিয়ামে ‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা’ ও জনসম্পৃক্তি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ আহ্বান জানান।

তারেক রহমান বলেন, আমরা একটি নির্বাচন প্রত্যাশা করছি; যেখানে জনগণ সিদ্ধান্ত নেবে কে জনগণের দেখভাল করবে। বিএনপি হচ্ছে দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল। অন্যান্য রাজনৈতিক দলও মনে করে দেশের এবং জনগণের মৌলিক সমস্যা সেটি সমাধানে এবং দেশ মেরামতের জন্যে বড় দল হিসেবে বিএনপিকেই দায়িত্ব নিতে হবে। মেরামতের কারিগর বিএনপিকে হতে হবে।

তিনি বলেন, বিগত ১৫ বছরে বিএনপির বহু নেতাকর্মী গুম, খুন, গায়েবি মামলার শিকার হয়েছে। বিগত স্বৈরাচার আপনার ব্যবসা বাণিজ্য তাদের ব্যবসা বাণিজ্য ধ্বংস করে দিয়েছে; কিন্তু আমরা মানুষের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠিত করতে চাই। যদি মানুষের বাকস্বাধীনতা প্রতিষ্ঠা করতে পারি, রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠিত করতে পারি- তাহলে জনগণের কথা বলা যাবে, জনগণের সমস্যা সমাধান করা যাবে। দেশের সমস্যাও সমাধান করতে পারব।

দলের প্রত্যেককে শপথ গ্রহণের মধ্য দিয়ে প্রতিজ্ঞার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, যে দায়িত্ব আমরা নিয়েছি, জনগণ আমাদের দিয়েছে বা দিতে যাচ্ছে, যে প্রতিশ্রুতি আমরা জনগণকে দিয়েছি সেটির নেতৃত্ব দেওয়ার মতো যোগ্যতা যেন অর্জন করতে পারি- সেই তৌফিক যেন আল্লাহ আমাদের দেন। এজন্য নিজেদের যেন প্রস্তুত করতে পারি সেই শপথ গ্রহণ করি।

পাশাপাশি প্রত্যাশিত বাংলাদেশকে গড়ে তোলার লক্ষ্য পূরণের পথে বাধাগুলো মোকাবিলার আহ্বান জানিয়ে বিএনপির শীর্ষ এই নেতা বলেন, ৩১ দফার মাধ্যমে জনগণের পাশে দাঁড়ানোর আমাদের যে শপথ সেটিকে লক্ষ্যভ্রষ্ট করার জন্য যদি কেউ কেউ বাধা হয়ে দাঁড়ায় তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলব। তাহলে ২০ কোটি মানুষের আশা আকাঙ্ক্ষার প্রত্যাশিত বাংলাদেশকে গড়ে তোলা সম্ভব হবে।

তারেক রহমান বলেন, পতিত স্বৈরাচার আওয়ামী লীগ সরকার অস্ত্রের জোরে ক্ষমতায় বসেছিল। তারা দেশের প্রতিটি সেক্টর ভেঙে দিয়ে গেছে। দেশকে পুরো ধ্বংস করে ফেলেছে। নির্দিষ্ট তারিখ না জানলেও আমরা জানতাম এদের পতন হবেই। আর সেই বিশ্বাস থেকেই আমরা জাতির সামনে ৩১ দফা উপস্থাপন করেছি। কারণ বিএনপি দেশ ও জনগণ নিয়ে ভাবে। দেশের কল্যাণে কাজ করতে চায়।

তিনি বলেন, বিএনপি প্রতিষ্ঠাতা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ঘোষিত ‘১৯ দফা’, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ‘২৭ দফা’ কর্মসূচির আলোকে ৩১ দফার রূপরেখা প্রণয়ন করা হয়েছে। এই ৩১ দফার সঙ্গে যুগপৎ আন্দোলনে শরিক দলগুলোরও ঐকমত্য রয়েছে। কমিশন গঠন করে বর্তমান অন্তর্বর্তী সরকার যে সব সংস্কার করতে চাচ্ছে তা সবই ৩১ দফায় রয়েছে বলেও উল্লেখ করেন তারেক রহমান।

'রাষ্ট্র মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্ততা’ কর্মসূচি সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দিতে নেতাকর্মীদের প্রতি নির্দেশ দিয়ে তারেক রহমান বলেন, আপনারা জনগণকে বলবেন আমরা দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ দিব, একজন ব্যক্তি দুই বারের বেশি নির্বাচিত হতে পারবেন না। তখন জনগণ বলবে, সবই বুঝলাম।  আমাদের দ্রব্য মূল্যে, শিক্ষা, স্বাস্থ্য ব্যবস্থা, কর্মসংস্থানের কি হবে। তাই জনগণের এসব প্রত্যাশার দিকেও আমাদের নজর দিতে হবে। 

দ্রুত জাতীয় নির্বাচনের তাগিদ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, নির্বাচন ব্যবস্থা ঠিক করতে না পারলে, দেশের কোনো সমস্যারই সমাধান হবে না। তাই ঝড়, তুফান, বন্যা, খরা, বৃষ্টি যাই হোক না কেন; নির্দিষ্ট সময়ে মধ্যেই নির্বাচন হতে হবে। এর কোন বিকল্প নেই। এই লক্ষ্য পথে কেউ বাধা হয়ে দাঁড়ালে আমরা তাদের প্রতিহত করবো।

মাগুরা অডিটোরিয়ামে আয়োজিত কর্মশালার উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন-বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জমিউল্লাহ, বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত, মাগুরা জেলা বিএনপির আহ্বায়ক আলি আহমেদ, যুগ্ম আহ্বায়ক আহসান হাবিব কিশোর, অ্যাডভোকেট শাহেদ হাসান টগর প্রমুখ।

ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিএনপিতে যোগ দিলেন মেঘনা আলম
বিএনপিতে যোগ দিলেন মেঘনা আলম
শঙ্কামুক্ত মির্জা আব্বাস, দেশে ফিরতে পারেন ঈদের আগেই
শঙ্কামুক্ত মির্জা আব্বাস, দেশে ফিরতে পারেন ঈদের আগেই
শপথ নিলেন এনসিপির নুসরাত তাবাসসুম
শপথ নিলেন এনসিপির নুসরাত তাবাসসুম