ঢাকাসহ ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের সতর্কবার্তা

ঢাকাসহ দেশের ১৩টি জেলায় ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে এবং একই সঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এমন সতর্কতা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
সোমবার (৬ এপ্রিল) রাতে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া সতর্কবার্তায় আবহাওয়া অধিদপ্তর জানায়, ঢাকা, রাজশাহী, পাবনা, যশোর, কুষ্টিয়া, খুলনা, ফরিদপুর, টাঙ্গাইল, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ও ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিও হতে পারে।
আবহাওয়া অধিদপ্তর নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখানোর নির্দেশ দিয়েছে।
অপর একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী কয়েক দিন দেশের সব বিভাগের ওপর অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। এই সময়ে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
এ পরিস্থিতিতে আবহাওয়া অধিদপ্তর জনগণকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করার পরামর্শ দিয়েছে।
ভিওডি বাংলা/এমএস







