অবৈধ বাস কাউন্টার সরাতে ডিএমপির ৭ দিনের আল্টিমেটাম

যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়নের লক্ষ্যে ঢাকা মহানগরীর অভ্যন্তরে থাকা অনুমোদনহীন সব আন্তঃজেলা বাস কাউন্টার ৭ দিনের মধ্যে অপসারণের নির্দেশ দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ বিষয়ে ব্যবস্থা না নিলে রুট পারমিট বাতিলসহ আইনি ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছে ডিএমপি।
রোববার (৫ এপ্রিল) ডিএমপি হেডকোয়ার্টার্স থেকে এ সংক্রান্ত গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
ভারপ্রাপ্ত ডিএমপি কমিশনার মো. সরওয়ারের সই করা ওই গণবিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মহানগরের অভ্যন্তরে অবস্থিত সব আন্তঃজেলা বাস মালিকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, যানজট নিরসন, ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন ও উন্নত নাগরিক সেবা প্রদানের লক্ষ্যে ঢাকা মহানগরের বিভিন্ন এলাকা থেকে অনুমোদনহীন বা রুট পারমিট ব্যতীত পরিচালিত আন্তঃজেলা নাইট কোচ কাউন্টারগুলো অপসারণ করা প্রয়োজন। অনুমোদনহীনভাবে অবৈধভাবে আন্তঃজেলা নাইট কোচ কাউন্টার স্থাপন ও পরিচালনা, পার্কিং, যাত্রী উঠা-নামা ইত্যাদি কার্যক্রম পরিচালনা করার ফলে মহানগরে অন্যান্য যানবাহনের চলাচল বাধাগ্রস্ত হচ্ছে। ফলে মহানগরে রাত্রিকালেও ট্রাফিক জ্যামের সৃষ্টি হচ্ছে।
এই অবস্থায় গণবিজ্ঞপ্তি জারির ৭ কার্যদিবসের মধ্যে ঢাকা মহানগরের অভ্যন্তরে অবস্থিত আন্তঃজেলা বাস টার্মিনাল এলাকা (গাবতলী, মহাখালী ও সায়দাবাদ) ব্যতীত অন্য কোনো স্থানে ওই কার্যক্রম পরিচালনা না করাসহ মহানগরের বিভিন্ন স্থানে যেসব আন্তঃজেলা নাইট কোচ কাউন্টার রয়েছে, তা সংশ্লিষ্ট সবাইকে স্ব-উদ্যোগে অপসারণের জন্য অনুরোধ করা হলো। অন্যথায়, সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৩৭/৪৭/৮২/৯০ ধারাসহ অন্যান্য সংশ্লিষ্ট আইনের বিধান অনুযায়ী ডিএমপির ম্যাজিস্ট্রেটদের মাধ্যমে সামারি ট্রায়াল বা মোবাইল কোর্ট পরিচালনা করে আইন অমান্যকারী ব্যক্তি অথবা প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা (কারাদণ্ড, অর্থদণ্ড বা রুট পারমিট বাতিলসহ সংশ্লিষ্ট মালামাল বাজেয়াপ্ত ইত্যাদি) গ্রহণ করা হবে।
এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করছে।
ভিওডি বাংলা/আরকেএইচ/এমএস







