যুক্তরাষ্ট্রের উদ্ধার অভিযান ব্যর্থ, দাবি ইরানের

ইরান দাবি করেছে, ভূপাতিত মার্কিন যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারের উদ্দেশ্যে পরিচালিত অভিযান ব্যর্থ হয়েছে। রোববার খাতাম আল-আম্বিয়া কেন্দ্রীয় সদরদপ্তরের মুখপাত্র ইব্রাহিম জুলফাগারি বলেন, “মার্কিন ওই অভিযান নস্যাৎ করে দিয়েছি।” তিনি আরও জানান, ইরানের সামরিক বাহিনী দক্ষিণ ইসফাহানে কয়েকটি মার্কিন বিমান ধ্বংস করেছে এবং এতে পাইলট উদ্ধারের প্রচেষ্টা ব্যর্থ হয়েছে।
জুলফাগারি জানান, “মার্কিন বাহিনী ইরানের মধ্যাঞ্চলে অনুপ্রবেশ করে ওই পাইলটকে উদ্ধার করার জন্য মরিয়া চেষ্টা চালাচ্ছিল। সেই সময় আমাদের সশস্ত্র বাহিনী যৌথ অভিযান চালিয়ে মার্কিন অভিযানকে নস্যাৎ করে দেয়। ইরানের অ্যারোস্পেস ফোর্স, পদাতিক বাহিনী, স্বেচ্ছাসেবী বাসিজ এবং আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের যৌথ অভিযান অনুপ্রবেশকারী মার্কিন বিমানগুলোকে বাধা দিয়ে ধ্বংস করতে সক্ষম হয়।”
অন্যদিকে, সূত্র জানায়, দক্ষিণ-পশ্চিম ইরানে মার্কিন পাইলটকে উদ্ধারে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথ হামলা চালায়। এই হামলায় অন্তত পাঁচজন ইরানি নাগরিক নিহত হয়েছেন। বার্তাসংস্থা তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, এটি ভূপাতিত একটি এফ-১৫ যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারের সময় সংঘটিত হয়।
প্রদেশের গভর্নরের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, কহগিলুয়েহ ও বয়ার-আহমাদ প্রদেশের পাহাড়ি এলাকা ‘ব্ল্যাক মাউন্টেন’-এ এই হামলায় পাঁচজন নিহত হন।
রোববার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ স্যোশালে পোস্ট দিয়ে ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইরানের পাহাড়ি এলাকা থেকে এফ-১৫ যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধার করেছে, তবে তিনি গুরুতর আহত।
ট্রাম্প বলেন, “অভিযানের সময় ইরানের সামরিক বাহিনী ব্যাপক তৎপরতা চালাচ্ছিল এবং উদ্ধারকারী দলকে খুঁজে বের করার খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল।” তিনি আরও জানান, “এ ধরনের অভিযান অত্যন্ত ঝুঁকিপূর্ণ হওয়ায় খুব কমই পরিচালিত হয়। মানুষ ও সামরিক সরঞ্জামের নিরাপত্তা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়, তাই এমন অভিযান সচরাচর দেখা যায় না।”
ভিওডি বাংলা/এমএস







