গণহত্যার বিচারে ঢিলেমির সুযোগ নিচ্ছে আ. লীগ

নিজস্ব প্রতিবেদক
গণহত্যাকারীদের বিচারে সরকারের ঢিলেঢালা মনোভাবের কারণেই, আবারও আওয়ামী লীগ সুযোগ খুঁজছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, এদের বিচার দেখতে পেলেই জনগণ বিশ্বাস করবে অন্তর্বর্তী সরকার সঠিক পথে চলছে।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে প্রতিবন্ধী রিকশাচালক মামুনের জন্য আর্থিক অনুদান দেয়ার আয়োজন করে, আমরা বিএনপি পরিবার।
রিজভী বলেন, যারা ছাত্র জনতাকে নির্বিচারে গুলি চালিয়ে হত্যা করেছে তাদের গ্রেপ্তার করা হচ্ছে না। বিভিন্ন জায়গায় মামলার নামে বিএনপি নেতাকর্মীদের নাম ঢুকিয়ে দিচ্ছে।
তিনি বলেন, সেই সময়ের আইনশৃঙ্খলা বাহিনী এসবের সাথে জড়িত। রাষ্ট্র বাদি হয়ে, কেন ছাত্র-জনতার হত্যাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না, এমন প্রশ্নও তুলেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি আরও বলেন, জুলাই বিপ্লবে নিহত-আহতরা বিচার চায়। আহনাফের মতো ছেলেকে যারা গুলি করেছে, তাদের আত্মা রক্তপিপাসু নেকড়ের আত্মা। শেখ হাসিনার কাছে নারী শিশুর কোনো মূল্য নেই, একটাই মূল্য সিংহাসন।
গুলি ছিল শেখ হাসিনার কাছে একটা খেলা উল্লেখ করে রিজভী বলেন, ক্রসফায়ার ছিল আনন্দের বিষয়। বিরোধী পক্ষের লাশ দেখলে খুশি হতেন হাসিনা। তিনি মানসিকভাবে অসুস্থ এক নারী।
তিনি বলেন, ঢাকা শহরে বিভিন্ন জায়গায় সন্ত্রাসীরা তাণ্ডব চালাচ্ছে, তাদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর কোনো পদক্ষেপ দেখি না। যারা আহনাফ, আবু সাঈদ, মুগ্ধকে হত্যা করেছে তারা আইনের লোক। তাদের কারা আইনের হাত থেকে দূরে রাখা হচ্ছে। সবাইকে শাস্তির আওতায় আনা উচিত।
শেখ হাসিনা কন্যা সায়মা ওয়াজেদ পুতুলের প্রসঙ্গে রিজভী বলেন, প্রতারক রাষ্ট্র ক্ষমতায় থাকলে তার সন্তানদেরও প্রতারক বানায়, তার উদাহরণ শেখ হাসিনা।
ফেব্রুয়ারিতে আওয়ামী লীগের কর্মসূচি প্রসঙ্গে তিনি বলেন, হরতালের ডাক দিলেন আর মানুষ লাফ দিয়ে পড়বে, এমনটা হবে না। কারণ, মানুষ আপনাদের শাস্তির জন্য অপেক্ষা করছে।
সালমান এফ রহমান প্রসঙ্গে রিজভী বলেন, দরবেশ ব্যাংক ধ্বংস করেছে, শেয়ার বাজার ধ্বংস করেছে। তিনি আবার নিজের ছাই থেকে জন্ম নিতে চাচ্ছেন। ঢিলেঢালাভাবে সরকার পরিচালনার জন্য আজকে এই পরিস্থিতি তৈরি হয়েছে। তার বিচার নিশ্চিত হলে মানুষ বুঝবে সরকার কাজ করছে।
ভিওডি বাংলা/এম







