আবদুস সালাম :
বাউল গানসহ দেশীয় সংস্কৃতি ফিরিয়ে আনতে সামাজিক আন্দোলন প্রয়োজন

বাউল গানসহ দেশীয় সংস্কৃতি ফিরিয়ে আনতে সামাজিক আন্দোলন প্রয়োজন বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম।
শনিবার (৪ এপ্রিল) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী বাউল দল আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ডিএসসিসি প্রশাসক এসব কথা বলেন।
তিনি বলেন, গ্রামবাংলার কৃষ্টি ও সংস্কৃতি ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। এগুলো ফিরিয়ে আনা না গেলে সাধারণ মানুষের মধ্যে সৃষ্ট সামাজিক সংকট মোকাবিলা করা কঠিন হবে।
তিনি আরও বলেন, সমাজে এমন নিবেদিতপ্রাণ মানুষ রয়েছেন, যারা ব্যক্তিগত চাহিদা ও পছন্দ-অপছন্দ জলাঞ্জলি দিয়ে সংস্কৃতি ও সমাজকে বাঁচিয়ে রাখতে কাজ করছেন। এটাই দেশপ্রেম ও মানবপ্রেমের প্রকৃত উদাহরণ। সমাজের বিভিন্ন মানুষের মধ্যে যদি এ ধরনের ভাবনা জাগানো যায়, তাহলে হারিয়ে যাওয়া সংস্কৃতি আবার ফিরিয়ে আনা সম্ভব।
আবদুস সালাম বলেন, একসময় এলাকায় এলাকায় সাংস্কৃতিক উৎসব হতো। ২১শে ফেব্রুয়ারির অনুষ্ঠান, নজরুল জয়ন্তী, রবীন্দ্র জয়ন্তী পালনের পাশাপাশি নাটক, যাত্রা ও বাউল গানের আয়োজন থাকত। আগে মেলা মানেই ছিল লোকসংস্কৃতির সমারোহ। কিন্তু বর্তমানে মেলার চেহারা বদলে গেছে, বিদেশি সংস্কৃতির প্রভাব বেড়েছে এবং নিজস্ব নৃত্য ও সাংস্কৃতিক চর্চা কমে যাচ্ছে। ফলে ঐতিহ্যবাহী অনেক মেলাই বিলুপ্তির পথে।
তিনি বলেন, এসব ঐতিহ্য ফিরিয়ে আনতে সংস্কৃতিবান মানুষদের এগিয়ে আসতে হবে এবং সামাজিকভাবে উদ্যোগ নিতে হবে। আল্লাহ পৃথিবী সৃষ্টি করেছেন ভারসাম্য রক্ষার জন্য—পাহাড়, জঙ্গল, সমুদ্র, মাছ, কেঁচো, কুমির, বাঘ-সবকিছুর মতো মানুষের মধ্যেও ভিন্নতা রয়েছে। কেউ গান-বাজনায় আগ্রহী, কেউ বইপত্রে, কেউ খেলাধুলায়-এভাবেই সমাজের ভারসাম্য বজায় থাকে।
তিনি আরও বলেন, যদি কেউ চুল কাটার কাজ না করে, কেউ পরিচ্ছন্নতার কাজ না করে কিংবা সমাজের প্রয়োজনীয় দায়িত্ব পালন না করে, তাহলে সমাজ চলবে না। কিন্তু বর্তমানে সবাই এমপি বা মন্ত্রী হতে চায়, সবাই সম্পদের মালিক হতে চায়-নিজ নিজ অবস্থানে সন্তুষ্ট নয়। এভাবে কোনো সমাজ এগোতে পারে না।
গ্রামীণ সংস্কৃতি টিকিয়ে রাখতে নাটক, বাউল গান, যাত্রা ও মেলার পরিবেশ ধরে রাখতে সামাজিক আন্দোলনের আহ্বান জানান তিনি।
শেষে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বীর মুক্তিযোদ্ধাদের স্মরণ করেন। পাশাপাশি তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান তারেক রহমানের হাত ধরে বাংলাদেশকে একটি সুন্দর দেশ হিসেবে প্রতিষ্ঠা করা সম্ভব হবে।
বাংলাদেশ জাতীয়তাবাদী বাউল দলের আহ্বায়ক জনাব আরিফ দেওয়ানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাসাস জাতীয় নির্বাহী কমিটির আহ্বায়ক চিত্রনায়ক হেলাল খান, জাসাস জাতীয় নির্বাহী কমিটির মহাসচিব রফিকুল ইসলাম রফিক, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর উত্তরের সাবেক সদস্যসচিব মোস্তফা জগলুল পাশা পাপেল, বাংলাদেশ জাতীয়তাবাদী বাউল দলের উপদেষ্টা জনপ্রিয় কণ্ঠশিল্পী মজিব পরদেশী এবং তাঁতি দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ড. কাজী মনিরুজ্জামান মনিরসহ আরও অনেকে।
ভিওডি বাংলা/জা







