• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সংরক্ষিত বনভূমিতে দালান, উচ্ছেদে গিয়ে প্রশাসনের ক্ষোভ

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি    ৪ এপ্রিল ২০২৬, ১১:৪৭ এ.এম.
ছবি-ভিওডি বাংলা

টাঙ্গাইলের মধুপুর জাতীয় উদ্যানের দোখলা সদর বিটের অরণখোলা মৌজার ভূটিয়া (আমলীতলা) এলাকায় সরকারি সংরক্ষিত বনভূমিতে পাকা দালান নির্মাণের অভিযোগ উঠেছে। 

বৃহস্পতিবার (২ এপ্রিল) বেলা এগারো টায় ভুটিয়া এলাকায় এ ঘটনায় খবর পেয়ে মধুপুর উপজেলা প্রশাসন ও বন বিভাগ যৌথভাবে ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন মধুপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নঈম উদ্দিন। 

তার নেতৃত্বে প্রশাসনের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে অবৈধ স্থাপনার বিষয়টি যাচাই-বাছাই করে। তবে অভিযান চলাকালে তাৎক্ষণিকভাবে উচ্ছেদ কার্যক্রম পরিচালনা না করে সংশ্লিষ্ট ব্যক্তিদের ৭ দিনের সময়সীমা প্রদান করা হয়। এ সময়ের মধ্যে অভিযুক্ত মো. লিটন মিয়া, নাজমা বেগম ও লুৎফুন নাহার লতাকে তাদের ক্রয়কৃত জমির মালিকানার বৈধ কাগজপত্রসহ সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে উপস্থিত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে, উচ্ছেদ কার্যক্রম স্থগিত রেখে সময় দেওয়ার ঘটনায় স্থানীয় বনপ্রেমী ও সচেতন মহলের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। তাদের অভিযোগ, সংরক্ষিত বনভূমিতে অবৈধ স্থাপনা নির্মাণের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা না নেওয়া হলে ভবিষ্যতে বনভূমি দখলের প্রবণতা আরও বেড়ে যেতে পারে, যা মধুপুর জাতীয় উদ্যানের জীববৈচিত্র্য ও পরিবেশের জন্য হুমকি হয়ে দাঁড়াবে।

অভিযানকালে উপস্থিত ছিলেন সহকারী বন সংরক্ষক (উত্তর) রানা দেব, দোখলা সদর রেঞ্জ কর্মকর্তা সাব্বির হোসেন, মধুপুর জাতীয় উদ্যান সদর রেঞ্জের ডেপুটি রেঞ্জার মোশারফ হোসেনসহ বন বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী। এছাড়াও মধুপুর থানা পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা নিরাপত্তা নিশ্চিতে দায়িত্ব পালন করেন।

স্থানীয়দের দাবি, সংরক্ষিত বনভূমি রক্ষায় প্রশাসনকে আরও কঠোর ও দ্রুত পদক্ষেপ গ্রহণ করতে হবে, যাতে ভবিষ্যতে এ ধরনের অবৈধ দখল ও নির্মাণ কার্যক্রম প্রতিরোধ করা সম্ভব হয়।

ভিওডি বাংলা/মো. লিটন সরকার/জা 


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শাহ আমানতে ৩৫ দিনে ২৪৫ ফ্লাইট বাতিল
মধ্যপ্রাচ্যে সংকট : শাহ আমানতে ৩৫ দিনে ২৪৫ ফ্লাইট বাতিল
জ্বালানি নিরাপত্তায় আপস নয়: আমির খসরু
জ্বালানি নিরাপত্তায় আপস নয়: আমির খসরু
এলপি গ্যাসের দাম বাড়ার কারণ জানালেন মন্ত্রী
এলপি গ্যাসের দাম বাড়ার কারণ জানালেন মন্ত্রী