সোহেল রানা ৫ এপ্রিলে সিঙ্গাপুরে যাচ্ছেন

ঢালিউডের বর্ষীয়ান অভিনেতা ও প্রযোজক সোহেল রানা উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন। তিনি জানিয়েছেন, আগামী রোববার (৫ এপ্রিল) রাতে ঢাকা ত্যাগ করবেন।
শুক্রবার (৩ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের এই তথ্য জানান। সোহেল রানা তার পোস্টে লিখেছেন, “ইনশাআল্লাহ পরশু অর্থাৎ ৫ তারিখ রাতে অসুস্থতা পরীক্ষা করানোর জন্য সিঙ্গাপুরের পথে রওনা হব। আমার জন্য আপনারা দোয়া করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।” তবে তাঁর অসুস্থতার প্রকৃতি তিনি জানাননি।
এই ঘোষণার পর থেকেই চলচ্চিত্রাঙ্গনের সহকর্মী ও ভক্তরা সামাজিক মাধ্যমে উদ্বেগ প্রকাশ করেছেন। অনেকে প্রিয় অভিনেতার দ্রুত আরোগ্য কামনা করছেন।
সোহেল রানা ৭০ ও ৮০-এর দশকে ঢালিউডের জনপ্রিয় অভিনেতা ও প্রযোজক হিসেবে সুপরিচিত। তার চলচ্চিত্রে যাত্রা শুরু হয় প্রযোজক হিসেবে। ১৯৭২ সালে মুক্তিযুদ্ধভিত্তিক কালজয়ী চলচ্চিত্র ‘ওরা ১১ জন’ প্রযোজনা করে ঢালিউডে আত্মপ্রকাশ করেন।
দীর্ঘ ক্যারিয়ারে তিনি অভিনয়, প্রযোজনা ও পরিচালনার ক্ষেত্রে অসামান্য অবদান রেখেছেন। পরবর্তী বছর ১৯৭৩ সালে ‘মাসুদ রানা’ চলচ্চিত্রের মাধ্যমে নায়ক হিসেবে পর্দায় আসেন এবং সোহেল রানা নাম গ্রহণ করেন। এই কারণে তিনি দেশের চলচ্চিত্রে এক অনন্য প্রতিষ্ঠানে পরিণত হয়েছেন।
ভিওডি বাংলা/জা







