সড়ক দুর্ঘটনায় মৌমিতার মৃত্যু:
মৌমিতার মৃত্যুতে খুবি প্রশাসনের মামলা

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) আইন ডিসিপ্লিনের মাস্টার্সের শিক্ষার্থী মৌমিতা হালদারের সড়ক দুর্ঘটনায় মৃত্যুর ঘটনায় অবশেষে মামলা দায়ের করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ঘটনার তিন দিন পেরিয়ে গেলেও ঘাতক চালক ও সংশ্লিষ্ট গাড়ি শনাক্ত না হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ বাড়ছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে খুবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান বাদী হয়ে খুলনা সদর থানায় মামলাটি দায়ের করেন। নিহত শিক্ষার্থীর পরিবার মামলা না করায় প্রশাসনের পক্ষ থেকেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এর আগে, গত ৩১ মার্চ বিশ্ববিদ্যালয় প্রশাসন ঘাতক চালককে দ্রুত গ্রেপ্তার, দুর্ঘটনায় জড়িত গাড়ি জব্দ এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার ও জেলা প্রশাসকের কাছে পৃথকভাবে চিঠি পাঠায়।
এদিকে একইদিন সকাল থেকে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। বেলা ১১টার দিকে সাধারণ শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে ক্যাম্পাসে বিক্ষোভ কর্মসূচি পালন করেন। তারা দ্রুত বিচার ও দোষীদের শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
বিক্ষোভ চলাকালে উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করেন। তিনি বলেন, “মৌমিতার মৃত্যুর তিন দিন পার হলেও এখনো ঘাতক চালক ও গাড়ি শনাক্ত করা না যাওয়াটা অত্যন্ত হতাশাজনক ও উদ্বেগজনক।”
উপাচার্য আরও জানান, ঘটনার পরপরই তিনি পুলিশ কমিশনারের সঙ্গে একাধিকবার যোগাযোগ করেছেন এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে বলে আশ্বাস পেয়েছেন। তবে তদন্ত চলমান থাকলেও সিসিটিভি ফুটেজ অস্পষ্ট হওয়ায় এখনো পর্যন্ত চালককে শনাক্ত করা সম্ভব হয়নি বলে পুলিশ জানিয়েছে।
তিনি বলেন, সিসিটিভি ফুটেজ সংগ্রহের জন্য সিটি কর্পোরেশন ও জেলা পরিষদের সংশ্লিষ্ট প্রশাসকদের অবহিত করা হয়েছে। দ্রুত তদন্ত শেষ করে দায়ীদের আইনের আওতায় আনার ব্যাপারে প্রশাসন সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
উল্লেখ্য, গত ৩০ মার্চ সন্ধ্যায় খুলনা জেলা পরিষদ ভবনের সামনে একটি প্রাইভেটকারের ধাক্কায় রিকশা থেকে পড়ে গুরুতর আহত হন মৌমিতা হালদার। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি আইন ডিসিপ্লিনের ২০২১ ব্যাচের শিক্ষার্থী হিসেবে স্নাতক সম্পন্ন করে বর্তমানে মাস্টার্সে অধ্যয়নরত ছিলেন।
ভিওডি বাংলা/জা







