নিরাপত্তা সচেতনতায় হেলমেট পরে জবিতে ২ শিক্ষার্থী

বিজ্ঞানের ভবনের ছাদের পলেস্তারা ধসে দুই শিক্ষার্থী আহত হওয়ার এক দিন পর গণিত বিভাগের নাঈম ও মাহমুদুল হাসান মোটরসাইকেলের হেলমেট পরে ক্লাসে প্রবেশ করেন। তাদের এই অভিনব পদক্ষেপ ক্যাম্পাসে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। পরে জানা যায়, এটি নিরাপত্তাহীনতার বিরুদ্ধে এক ধরনের প্রতিবাদ।
বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালেই শিক্ষার্থীরা জানান, প্রথমে বিষয়টি অনেকেই মজার মতো নিয়েছিলেন।
নাঈম বলেন, “গতকাল ছাদের পলেস্তারা পড়ে সহপাঠীরা আহত হয়েছেন। আজ আমি ক্লাসে বসে নিরাপদ বোধ করছি না। নিজের নিরাপত্তার জন্য হেলমেট পরেছি, একই সঙ্গে এটি প্রশাসনের দৃষ্টি আকর্ষণের চেষ্টা।” তিনি আরও বলেন, “যদি দ্রুত স্থায়ী সমাধান না আসে, শিক্ষার্থীদের আতঙ্ক আরও বাড়বে।”
তানজিম আহমেদ মিথিল বলেন, “এটি হাস্যকর নয়, বরং বাস্তবতার প্রতিফলন। আমরা সত্যিই নিরাপত্তাহীনতায় ভুগছি।”

গণিত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মিজানুর রহমান জানান, প্রশাসনকে জানানো হয়েছে এবং তারা জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেবেন। ১১৯, ১২০ ও ১২১ নম্বর কক্ষ তুলনামূলক কম ঝুঁকিপূর্ণ হওয়ায় এখানে মিড ও শ্রেণি পরীক্ষা নেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, “আমি যে রুমে বসে আছি, সেটি ঝুঁকিপূর্ণ। দায়িত্ববোধ থেকে এখনো অবস্থান করছি।”
গত বুধবার সেমিনারকক্ষে ছাদের পলেস্তারা খসে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের তানভীর নিয়াজ ফাহিম ও মাহফুজুর রহমান মিতুল আহত হন। এতে বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত ঝুঁকি ও প্রশাসনিক অবহেলার বিষয়টি তুলে আসে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, ঝুঁকিপূর্ণ রুমগুলোতে প্রবেশ সীমিত করা হয়েছে এবং দ্রুত সংস্কার কার্যক্রম শুরু করা হচ্ছে।
ভিওডি বাংলা/জা







