মার্কিন জনগণের উদ্দেশে ইরানের প্রেসিডেন্টের খোলা চিঠি

মার্কিন জনগণের উদ্দেশে একটি খোলা চিঠি লিখেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। চিঠিতে তিনি দাবি করেছেন, আধুনিক ইতিহাসে ইরান কখনো আগ্রাসন, সম্প্রসারণবাদ বা উপনিবেশ স্থাপনের পথ অনুসরণ করেনি।
চিঠিতে তিনি লেখেন, ইরান কখনোই আগে কোনো যুদ্ধ শুরু করেনি। তবে দেশটি আক্রমণের শিকার হলে দৃঢ়তা ও সাহসিকতার সঙ্গে প্রতিরোধ গড়ে তুলেছে।
ইরানকে ‘নিরাপত্তা হুমকি’ হিসেবে উপস্থাপনের বিরোধিতা করে তিনি বলেন, এ ধরনের প্রচারণা ঐতিহাসিক বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভি-এ প্রকাশিত চিঠিতে তিনি উল্লেখ করেন, ইরান মানব ইতিহাসের অন্যতম প্রাচীন ও ধারাবাহিক একটি সভ্যতা।
পেজেশকিয়ান দাবি করেন, ইরানকে হুমকি হিসেবে চিত্রিত করার পেছনে বহিরাগত রাজনৈতিক ও অর্থনৈতিক স্বার্থ কাজ করছে। তার মতে, সামরিক আধিপত্য বজায় রাখা, অস্ত্র শিল্প টিকিয়ে রাখা এবং কৌশলগত বাজার নিয়ন্ত্রণের উদ্দেশ্যে একটি ‘শত্রু’ তৈরি করার প্রবণতা থেকেই এ ধরনের ধারণা ছড়ানো হচ্ছে।
সূত্র: আল–জাজিরা
ভিওডি বাংলা/আ







