• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ঢাকার বিবৃতি নিয়ে বিতর্ক তুললো ইরান

নিজস্ব প্রতিবেদক    ১ এপ্রিল ২০২৬, ০৪:০৪ পি.এম.
ছবি: সংগৃহীত

ঢাকায় নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদি বলেছেন, বাংলাদেশ সরকারের ইরান বিষয়ক বিবৃতি ইরানের কাছে যথেষ্ট স্পষ্ট হয়নি। তিনি আশা প্রকাশ করেছেন, বাংলাদেশ আরও দৃঢ় ও স্পষ্ট অবস্থান গ্রহণ করবে।

বুধবার (১ এপ্রিল) ঢাকায় ইরান দূতাবাসে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জলিল রহিমি জাহানাবাদি বলেন, “ইরান ইস্যুতে বাংলাদেশ সরকারের বিবৃতি আরও স্পষ্ট হওয়া উচিত ছিল। বাংলাদেশ মুসলিম রাষ্ট্র। আমাদের ভাই (বাংলাদেশ) হিসেবে ইরানের দুর্দিনে পাশে থাকবে এটাই আমাদের প্রত্যাশা।”

তিনি আরও উল্লেখ করেন, “যখন আমরা দেখি স্পেনের মতো ইউরোপীয় দেশ এবং যুক্তরাষ্ট্রের নাগরিকরা প্রতিবাদ করছে; সেখানকার সরকারী কর্মকর্তারা হামলাকে সরাসরি নিন্দা করছে। আমরা আশা করি—বাংলাদেশও এ বিষয়ে অস্পষ্ট না থেকে সুস্পষ্ট অবস্থান নেবে।”

ইরানি রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের বর্তমান বিবৃতিতে শুধু উদ্বেগ প্রকাশ করা হয়েছে, কিন্তু আগ্রাসনের স্পষ্ট নিন্দা নেই। তিনি যোগ করেন, “অন্যান্য দেশ যেমন পাকিস্তান, তুরস্ক এই হামলার নিন্দা জানিয়েছে এবং সংলাপ ও শান্তির আহ্বান জানিয়েছে। এমনকি স্পেনও স্পষ্টভাবে এ হামলার নিন্দা জানিয়েছে।”

বাংলাদেশের বিবৃতির পর ইরান কোনো চিঠি পাঠাবে কি না, জানতে চাইলে তিনি জানান, “এ বিষয়ে কোনো চিঠি দেওয়া হবে না। তবে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ হলে বিষয়টি তুলে ধরব।”

জলিল রহিমি জাহানাবাদি বলেন, “এই যুদ্ধ কেবল আমাদের বিরুদ্ধে নয়, এটি ইসলামী সভ্যতা, সংস্কৃতি এবং পুরো মুসলিম উম্মাহর বিরুদ্ধে। সম্প্রতি আমরা ১৮০-এর বেশি বাংলাদেশির নিরাপদ প্রত্যাবর্তনে সহযোগিতা করেছি। তাদের মধ্যে অনেকেই ভিসা ও পাসপোর্ট ছাড়াই ইরানে প্রবেশ করেছিল।”

তিনি আরও বলেন, “ইরান কখনোই যুদ্ধের পক্ষে নয়, তবে চাই এটি এমনভাবে শেষ হোক যাতে পুরো অঞ্চলে স্থায়ী শান্তি প্রতিষ্ঠিত হয় এবং ইরানের জনগণের অধিকার নিশ্চিত হয়।”

রাষ্ট্রদূত আরও মন্তব্য করেন, “বাংলাদেশ জাতিসংঘ ও ওআইসির সদস্য রাষ্ট্র হিসেবে ইরানে আগ্রাসনের বিরুদ্ধে নিন্দা জানাতে পারত। রাশিয়া ও চীন যদিও মুসলিম দেশ নয়, তারা ইতোমধ্যেই নিন্দা জানিয়েছে।”

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ধানমন্ডি লেককে কোনোভাবেই কমার্শিয়াল এলাকা করা যাবে না
ডিএসসিসি প্রশাসক: ধানমন্ডি লেককে কোনোভাবেই কমার্শিয়াল এলাকা করা যাবে না
প্রথমবার সংসদে প্রশ্নের উত্তর দেবেন প্রধানমন্ত্রী
প্রথমবার সংসদে প্রশ্নের উত্তর দেবেন প্রধানমন্ত্রী
দেশে ২৮ মে পবিত্র ঈদুল আজহা উদযাপনের সম্ভাবনা
দেশে ২৮ মে পবিত্র ঈদুল আজহা উদযাপনের সম্ভাবনা