• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ঢাকায় ফুটপাত দখলমুক্ত করতে অভিযানে নামছে ডিএমপি

নিজস্ব প্রতিবেদক    ১ এপ্রিল ২০২৬, ০৯:৩৭ এ.এম.
ছবি: সংগৃহীত

জনদুর্ভোগ কমাতে রাজধানী ঢাকার ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে বুধবার (১ এপ্রিল) থেকে অভিযানে নেমেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

মঙ্গলবার (৩১ মার্চ)  ট্রাফিক বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।  

নগরীর আটটি ট্রাফিক বিভাগের আওতায় পর্যায়ক্রমে এ অভিযান পরিচালিত হবে বলে জানানো হয়। রমনা বিভাগ থেকে শুরু হয়ে গুলশান বিভাগে গিয়ে শেষ হবে এই কার্যক্রম। ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে ফুটপাত ও সড়ক দখল করে ব্যবসা পরিচালনাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

ডিএমপি জানিয়েছে, দীর্ঘদিন ধরে প্রভাবশালী কিছু ব্যবসায়ী অবৈধভাবে ফুটপাত ও সড়কের অংশ দখল করে রাখায় নগরীতে তীব্র যানজট সৃষ্টি হচ্ছে। এই অবস্থা নিরসনেই নেওয়া হয়েছে কঠোর পদক্ষেপ।

ডিএমপির ট্রাফিক বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আনিছুর রহমান বলেন, এই অভিযান সাধারণ হকারদের বিরুদ্ধে নয়। বরং যেসব ব্যবসা প্রতিষ্ঠান নিজেদের নির্ধারিত জায়গার বাইরে গিয়ে ফুটপাত ও সড়ক দখল করে রেস্টুরেন্টের কিচেন বা স্থায়ী স্থাপনা তৈরি করেছে, তাদের বিরুদ্ধেই মূলত ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও জানান, অনেক রেস্টুরেন্ট তাদের রান্নার সরঞ্জাম, গ্রিল বা কাবাব মেশিন ফুটপাতে বসিয়েছে। একইভাবে ওয়ার্কশপগুলো রাস্তার পাশে টায়ার ও যন্ত্রপাতি রেখে যানবাহন মেরামত করছে। এতে পথচারীদের চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে এবং তারা বাধ্য হয়ে মূল সড়কে হাঁটতে গিয়ে ঝুঁকির মুখে পড়ছে।

এছাড়া, ফুটপাত দখলের কারণে সড়কের একটি লেন প্রায়ই বন্ধ হয়ে যাচ্ছে, যা কৃত্রিম যানজট সৃষ্টি করছে।

ডিএমপি আরও জানিয়েছে, যারা অবৈধভাবে ফুটপাত ও সড়ক দখল করে ব্যবসা পরিচালনা করছেন, তাদের দ্রুত মালামাল সরিয়ে নিতে নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

জনস্বার্থে নেওয়া এই উদ্যোগের মাধ্যমে রাজধানীর নাগরিকদের নির্বিঘ্ন ও নিরাপদ চলাচল নিশ্চিত করা সম্ভব হবে বলে আশা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পুলিশ সংস্কার নিয়ে আইজিপির সঙ্গে আয়ারল্যান্ড রাষ্ট্রদূতের আলোচনা
পুলিশ সংস্কার নিয়ে আইজিপির সঙ্গে আয়ারল্যান্ড রাষ্ট্রদূতের আলোচনা
ক্ষুদ্র নৃগোষ্ঠীদের স্বনির্ভর করে তোলা হবে: মির্জা ফখরুল
ক্ষুদ্র নৃগোষ্ঠীদের স্বনির্ভর করে তোলা হবে: মির্জা ফখরুল
বিদ্যুৎ সরবরাহ নিরবচ্ছিন্ন রাখাই বড় চ্যালেঞ্জ
লোডশেডিং শঙ্কা বিদ্যুৎ সরবরাহ নিরবচ্ছিন্ন রাখাই বড় চ্যালেঞ্জ