• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

একমাসের মধ্যে চারটি বক্স কালভার্ট পরিষ্কার করা হবে: প্রশাসক

নিজস্ব প্রতিবেদক    ৩১ মার্চ ২০২৬, ০২:৫৮ পি.এম.
সেগুনবাগিচা বক্স কালভার্ট পরিষ্কার কাজের উদ্বোধনে এসে সাংবাদিকদের সাথে কথা বলেন আবদুস সালাম-ছবি-ভিওডি বাংলা

রাজধানীতে বৃষ্টির পানি নিষ্কাশনের জন্য চারটি বক্স কালভার্ট একমাসের মধ্যে পরিষ্কার করা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আবদুস সালাম। 

তিনি বলেন, এই চারটি বক্স কালভার্ট পরিষ্কার করতে ৫ মাসের মতো সময় লাগলেও, আমরা সিদ্ধান্ত নিয়েছি, এগুলো একমাসের মধ্যে পরিষ্কার করবো। কারণ, সামনে বর্ষাকাল আসছে। বৃষ্টির পানি নিষ্কাশন করা খুব জরুরি বলেও জানান তিনি। 

মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে সেগুনবাগিচা বক্স কালভার্ট পরিষ্কার কাজের উদ্বোধনে এসে সাংবাদিকদের এসব কথা বলেন। 

আবদুস সালাম বলেন, সেগুনবাগিচা বক্স কালভার্টটি শিল্পকলা একাডেমি থেকে শুরু হয়ে বিজয়নগর পানির ট্যাংক, এরপরে বক্স কালভার্ট রোড হয়ে টয়েনবী সার্কুলার রোড হয়ে টিটিপাড়া পাম্প স্টেশন পর্যন্ত। এর দৈর্ঘ্য প্রায় ২.৮৫ কিলোমিটার, প্রস্থ প্রায় ১৬ ফুট এবং গভীরতা ১৮-২০ ফুট। এই আউটলেটের পানি কমলাপুর টিটিপাড়া পাম্প স্টেশন সংলগ্ন মান্ডা খালে গিয়ে পড়ে। 

তিনি বলেন, এই বক্স কালভার্ট পরিষ্কার করলে  সেগুনবাগিচা, সচিবালয়, পল্টন, কাকরাইল, ফকিরাপুল, মতিঝিল এবং নয়াপল্টনসহ বিভিন্ন এলাকার প্রায় ১০ লাখ মানুষের সুবিধা হবে। বক্স কালভার্ট পরিষ্কারের জন্য লং বুম এক্সেভেটর, পুলিং মেশিন, ডাম্প ট্রাক ও ডুবুরি থাকবে বলে জানান তিনি।  

ডিএসিসি প্রশাসক আরও বলেন, ঢাকা সিটিতে বৃষ্টির পানি নির্গমনের জন্য আমাদের তিনটি আউটলেট আছে। সেগুলো হচ্ছে- কমলাপুরের টিটিপাড়া, ধোলাইখাল এবং হাতিরঝিল। এই তিনটি আউটলেটে ১০৯.২৪ বর্গকিলোমিটারের পানি নিষ্কাশিত হয়। যা প্রয়োজনের তুলনায় অনেক কম। আমরা আরও ২ টা আউটলেট নির্মাণের জন্য পরিকল্পনা গ্রহণ করেছি। 

এখন বৃষ্টি হলেই নিউ মার্কেট, ধানমন্ডির ওই সাইডে পানি জমে যায়। সেখানের পানি নিষ্কাশনের জন্য এবং পুরান ঢাকার দিকে পানি নিষ্কাশনের জন্য আমরা আউটলেট নির্মাণের পরিকল্পনা করছি। শ্যামপুরের খালের পানি বুড়িগঙ্গা নদীতে নিষ্কাশনের জন্য খাল প্রকল্পের আওতায় বক্স কালভার্ট ও বৃহৎ ব্যাসের ৮ ফিট নর্দমার যে কাকভার্ট করা হয়েছে। সেটি নির্মাণের জন্য আমাদের কাজ চলমান রয়েছে। 

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে আমরা ৩৩ টি হটস্পট চিহ্নিত করেছি। সেখানে বৃষ্টি হলেই পানি জমে যায়। এই জায়গাগুলোর পানি কিভাবে  নিষ্কাশন করা যায়, এর আওতায় আমরা এই বক্স কালভার্টগুলোতে পানি নিষ্কাশনের ব্যবস্থা করছি। ২৪ টি খাল এবং চার্টি বক্স কালভার্ট পরিষ্কার করবো। তবে, বক্স কালভার্ট পরিষ্কারের কার্যক্রম আজ থেকে শুরু হয়েছে। এক মাসের মধ্যে চারটি বক্স কালভার্ট পরিষ্কার করার চেষ্টা করবো। আর যদি বৃষ্টি এসে খুব দ্রুত পানি জমে যায়, সেজন্য আমরা ইতোমধ্যে ৬ টা পোর্টেবল পাম্প ক্রয় করা হয়েছে এবং আগেরও ২ টা আছে। 

ড্রেন এবং খালের মধ্যে যাতে আবর্জনা না ফেলা হয়, সেজন্য নগরবাসীকে অনুরোধ জানান তিনি।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক হলেন অধ্যাপক জামালুন্নেসা
আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক হলেন অধ্যাপক জামালুন্নেসা
পবিত্র আশুরা উপলক্ষে ডিএমপির নিরাপত্তা বিষয়ক সমন্বয় সভা
পবিত্র আশুরা উপলক্ষে ডিএমপির নিরাপত্তা বিষয়ক সমন্বয় সভা
আ’লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল
আ’লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল