১১ জেলায় নতুন ডিসি

দেশের ১১টি জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) পদায়ন করেছে সরকার।
রোববার (২৯ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা একটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
নতুন পদায়ন পাওয়া কর্মকর্তাদের মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব কাজী শহীদুল ইসলামকে রাজশাহী জেলার ডিসি, স্বরাষ্ট্র মণালয়ের উপসচিব লুৎফুন নাহারকে চুয়াডাঙ্গা, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব হুরে জান্নাতকে খুলনা, অর্থ বিভাগের উপসচিব মর্জিনা আক্তারকে মাদারীপুর, সরকারি প্রিন্টিং প্রেসের উপপরিচালক মো. আবু সাঈদকে ব্রাহ্মণবাড়িয়া, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের উপসচিব আহমেদ জিয়াউর রহমানকে চাঁদপুর, মন্ত্রীপরিষদ বিভাগের উপসচিব জিএম সরফরাজকে হবিগঞ্জ, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব ইসরাত জাহান কেয়াকে নরসিংদী, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব শিল্পী রানি রায়কে মেহেরপুর, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (সচিব) উপসচিব মুহঃ রাশেদুল হক প্রধানকে লালমনিরহাট, ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক মো. সানিউল ফেরদৌসকে বান্দরবান জেলায় ডিসি ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে বদলি করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরে কর্মরত উপসচিব ও সমমর্যাদার কর্মকর্তাদের বদলি করে মাঠ প্রশাসনে দায়িত্ব দেওয়া হয়েছে। প্রশাসনের কার্যক্রম আরও গতিশীল করা এবং জনগণের সেবা নিশ্চিত করতেই এ বদলি-পদায়ন করা হয়েছে বলে জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত নতুন কর্মস্থলে যোগ দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
ভিওডি বাংলা/আরআর







