এবার গণপরিবহনে বসছে জিপিএস সিস্টেম

দেশের সড়ক-মহাসড়কে দুর্ঘটনা ও অনিয়ম কমানোর জন্য এবার সব গণপরিবহনে জিপিএস সিস্টেম চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। রোববার (২৯ মার্চ) সচিবালয়ে এক উচ্চপর্যায়ের সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই ঘোষণা দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।
সভায় দেশের সড়ক দুর্ঘটনা রোধ এবং যাত্রী নিরাপত্তা বাড়ানোর বিষয়গুলো নিয়ে বিশদ আলোচনা করা হয়। মন্ত্রী জানান, “সব পাবলিক পরিবহনে জিপিএস সিস্টেম বাধ্যতামূলক করা হবে। মহাসড়কে ৮০ কিলোমিটারের বেশি গতি উঠলে ব্যবস্থা নেওয়া হবে।”
ঈদযাত্রার সময় যানজট ও দুর্ঘটনার বিষয়ে মন্ত্রী বলেন, “দেড় কোটি মানুষ মাত্র তিন দিনে ঢাকা ছাড়তে চেয়েছে। এতে দু’একটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটেছে, যার জন্য আমরা দুঃখিত। তবে অন্যান্য সময়ে মানুষের ঘণ্টার পর ঘণ্টা ধরে রাস্তায় আটকে থাকার মতো পরিস্থিতি এবার হয়নি। আমি মনে করি, এখন মানুষ নিরাপদে ও স্বস্তিতে বাড়ি ফিরতে সক্ষম হয়েছে। তবে দুটি বড় দুর্ঘটনা আমাদের অত্যন্ত ব্যথিত করেছে।”
দুর্ঘটনার দায় নির্ধারণ সংক্রান্ত প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, “আমি কাউকে বিশেষভাবে দায়ী করতে চাই না। তবে যাদের প্রাথমিক পর্যায়ে সম্পৃক্ততা পাওয়া গেছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ও ডিপার্টমেন্টাল ব্যবস্থা নেওয়া হয়েছে। যেমন রেলের দুটি গার্ডকে বহিষ্কার ও গ্রেপ্তার করা হয়েছে। সেই অফিসার, যার দায়িত্ব ছিল, তাকেও চাকরিচ্যুত করা হয়েছে।”
রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মায় যাত্রীবাহী বাস ডুবে যাওয়ার ঘটনায় মন্ত্রী বলেন, “সন্তোষজনক ব্যাখ্যা না দিলে শুধু ওই বাস নয়, সংশ্লিষ্ট কোম্পানির সব বাসের রেজিস্ট্রেশন ও রুট পারমিট বাতিল হবে।”
দুর্ঘটনায় নিহতের সংখ্যা নিয়ে বেসরকারি সূত্রের তথ্যের সঙ্গে সরকারের হিসাবের ভিন্নতা তুলে ধরে মন্ত্রী জানান, “আমাদের হিসাব অনুযায়ী, সব ধরনের দুর্ঘটনায় ১৭০ জন নিহত হয়েছেন। এর মধ্যে মহাসড়কে ৪৭ জন, নৌপথে ২৮ জন, রেলপথে প্রায় ১৭ জন। বাকি অন্যান্য সড়ক ও এলজিইডি সড়কে।” তিনি আরও বলেন, “গত বছরের একই সময়ে ১৮৭ জন নিহত হয়েছিল। আমাদের লক্ষ্য এই সংখ্যা আরও কমানো।”
শেখ রবিউল আলম বলেন, “নিয়ন্ত্রণে এখনও আমরা সফল হয়েছি। তবে আরও কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। এজন্যই আজকের এই উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত হয়েছে।”
জিপিএস সিস্টেম চালুর মাধ্যমে সরকারের লক্ষ্য সব ধরনের গণপরিবহনে স্বচ্ছতা, গতি নিয়ন্ত্রণ ও যাত্রী সুরক্ষা নিশ্চিত করা।
ভিওডি বাংলা/এমএস







