হামের টিকা কিনতে ৬০৪ কোটি টাকা বরাদ্দ

দেশে হামের সংক্রমণ বৃদ্ধির প্রেক্ষাপটে নতুন করে টিকা সংগ্রহে ৬০৪ কোটি টাকা বরাদ্দের ঘোষণা দিয়েছে সরকার। দীর্ঘ ৮ বছর টিকা কার্যক্রম বন্ধ থাকার কারণে পরিস্থিতি জটিল হয়ে উঠেছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
রোববার (২৯ মার্চ) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত আন্তর্জাতিক ওষুধ শিল্প মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, সাম্প্রতিক সময়ে দেশে হামের সংক্রমণ বেড়েছে, বিশেষ করে গত ১৫ দিনে রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। তবে পরিস্থিতি মোকাবিলায় সরকারের প্রস্তুতি রয়েছে বলে তিনি আশ্বস্ত করেন। তিনি জানান, সংক্রামক ব্যাধি হাসপাতালে নিয়মিত চিকিৎসা দেওয়া হচ্ছে এবং ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) হাসপাতালে হামের জন্য বিশেষ কর্নার চালু করা হয়েছে।
তিনি আরও বলেন, “কোনো সরকার গত ৮ বছর হামের টিকা দেয়নি। ফলে বর্তমানে এর প্রাদুর্ভাব বাড়ছে।” এই সংকট মোকাবিলায় দ্রুত টিকা সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে এবং এজন্য ৬০৪ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
স্বাস্থ্যসেবার সক্ষমতা বাড়াতে সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোগও যুক্ত হয়েছে বলে জানান মন্ত্রী। তিনি বলেন, অনুদানের মাধ্যমে ৫টি ভেন্টিলেটর সংগ্রহ করা হয়েছে, যার মধ্যে ৪টি আগামীকাল রাজশাহীতে পাঠানো হবে।
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, স্বাস্থ্যখাতে নতুন নতুন চ্যালেঞ্জ দেখা দিচ্ছে এবং সেগুলো মোকাবিলায় প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়কে দুর্নীতিমুক্ত করার অঙ্গীকারও ব্যক্ত করেন।
ভিওডি বাংলা/জা







