• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

লম্বা ছুটি শেষে আজ থেকে ক্লাস শুরু

নিজস্ব প্রতিবেদক    ২৯ মার্চ ২০২৬, ০৯:২৫ এ.এম.
ছবি-ভিওডি বাংলা

দেশের প্রায় সব স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানে রোজা, ঈদুল ফিতর ও স্বাধীনতা দিবস উপলক্ষে টানা দীর্ঘ ছুটি শেষে আজ রোববার (২৯ মার্চ) থেকে পুনরায় শুরু হয়েছে শ্রেণি কার্যক্রম। টানা ৩৯ দিনের বিরতির পর শিক্ষার্থীরা আবার ফিরেছে নিয়মিত পাঠে।

গত বৃহস্পতিবার (২৬ মার্চ) ছুটি শেষ হলেও সাপ্তাহিক শুক্র ও শনিবার বন্ধ থাকায় আজ থেকেই কার্যক্রম শুরু হয়। নির্বাচন, রমজান ও ঈদের কারণে বছরের প্রথম তিন মাসে স্বাভাবিক ক্লাস কার্যক্রম ব্যাহত হওয়ায় শিক্ষার্থীদের শিখনে কিছুটা ঘাটতি তৈরি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এই ঘাটতি পূরণে সরকার নতুন কিছু পদক্ষেপ নিয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী, ঈদের পর প্রথম ১০টি শনিবার সাপ্তাহিক ছুটি বাতিল করে ক্লাস চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে মাধ্যমিক স্তরে এ বিষয়ে এখনো চূড়ান্ত কোনো নির্দেশনা দেওয়া হয়নি।

বাৎসরিক ছুটির তালিকা অনুযায়ী, এ বছর রোজা ও ঈদের ছুটি শুরুর কথা ছিল ৮ মার্চ থেকে। কিন্তু অভিভাবকদের করা রিটের প্রেক্ষিতে হাইকোর্টের নির্দেশ এবং পরবর্তীতে সরকারের সিদ্ধান্তে ১৯ ফেব্রুয়ারি থেকেই সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে ছুটি ঘোষণা করা হয়। ফলে নির্ধারিত সময়ের ১৭ দিন আগেই ছুটি শুরু হয়।

পরবর্তীতে সংশোধিত সূচি অনুযায়ী ১৯ ফেব্রুয়ারি থেকে ২৬ মার্চ পর্যন্ত প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয়, মাদরাসা, কলেজ ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি কার্যকর ছিল।

দীর্ঘ ছুটির পর শিক্ষাপ্রতিষ্ঠান চালুর আগে কিছু জরুরি নির্দেশনাও দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। গত ২৫ মার্চ সিনিয়র সহকারী সচিব মুহাম্মদ হেলাল চৌধুরীর সই করা এক বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা জানানো হয়।

নির্দেশনায় বলা হয়েছে, শিক্ষা কার্যক্রম শুরুর আগে প্রতিষ্ঠানগুলোতে পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হবে এবং প্রতিদিনের পরিচ্ছন্নতা কার্যক্রমে নজরদারি জোরদার করতে হবে। পাশাপাশি প্রতি সপ্তাহে শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার কথা বলা হয়েছে।

এছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ, বাগান পরিচর্যা জোরদার এবং শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা বিষয়ে সচেতন করতে বিভিন্ন কার্যক্রম গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্কুলভর্তিতে বাতিল হতে পারে লটারি
স্কুলভর্তিতে বাতিল হতে পারে লটারি
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন শিক্ষামন্ত্রী
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন শিক্ষামন্ত্রী
ইউজিসি চেয়ারম্যান ফায়েজের পদত্যাগ
ইউজিসি চেয়ারম্যান ফায়েজের পদত্যাগ