নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পৌঁছেছেন তারেক রহমান

দুপুর থেকেই প্রস্তুত রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়। প্রধানমন্ত্রী হয়ে তারেক রহমান এই প্রথম নয়াপল্টন কার্যালয়ে আসছেন—এ খবরে নয়াপল্টনের আশপাশেও ছড়িয়ে পড়ে নেতাকর্মীদের ভিড়। এমন অপেক্ষা আর তাকে স্বাগত জানিয়ে করতালিময় স্লোগানের মধ্যেই শনিবার (২৮ মার্চ) সন্ধ্যা ৭টা ২২ মিনিটে অনুষ্ঠানস্থলে আগমন ঘটে তারেক রহমানের। সঙ্গে সঙ্গে মিছিলে মিছিলে মুখরিত হয়ে ওঠে নয়াপল্টনসহ আশপাশ।
এ উপলক্ষকে কেন্দ্র করে নেতাকর্মীরা দুপুর গড়াতেই ভিড় করেছেন নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে। তার প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে প্রস্তুত করা হয়েছে বিএনপির দলীয় কার্যালয়।
শনিবার (২৮ মার্চ) সকাল থেকে নয়াপল্টনে বাড়ানো হয়েছে নিরাপত্তা। প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিশ্চিতে বসানো হয়েছে বাড়তি সিসিটিভি ক্যামেরা। প্রধান ফটকের চারপাশে বসানো হয়েছে ব্যারিকেড। সকাল থেকেই সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা, দুপুরে যোগ দেয় সেনাবাহিনীও।
চেয়ারম্যানকে স্বাগত জানাতে বিএনপি ও এর সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও সকাল থেকেই আসছেন কার্যালয়ের সামনে। তারেক রহমানের সঙ্গে দেখা করতে অপেক্ষার প্রহর গুনছেন তারা।
এর আগে গেল ২৯ ডিসেম্বর দলের কেন্দ্রীয় কার্যালয়ে আসেন তারেক রহমান। প্রায় দুই দশক পর দেশে ফিরে, সেটাই ছিল তার প্রথম কার্যালয়ে আসা।
ভিওডি বাংলা/আরআর/এমএস







