কেন্দুয়ায় ভ্রাম্যমান আদালত ৮শ’ লিটার পেট্রোল জব্দ করেছে

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার রামপুর বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযানে অবৈধভাবে মজুদ করা ৮০০ লিটার পেট্রোল জব্দ করা হয়েছে। একই সঙ্গে লাইসেন্স ছাড়াই অতিরিক্ত দামে খুচরা বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শুক্রবার (২৭ মার্চ) সন্ধ্যায় কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রিফাতুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে রামপুর বাজারে অবস্থিত “মেসার্স কৃষি সাথী” নামক প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী ওসমান গণিকে জরিমানা করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চলমান জ্বালানি তেল সংকটের সুযোগ নিয়ে ওই ব্যবসায়ী অবৈধভাবে পেট্রোল মজুদ করে লাইসেন্স ছাড়াই বেশি দামে বিক্রি করে আসছিলেন। এ তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তার গুদামঘরে ড্রামে সংরক্ষিত ৮০০ লিটার পেট্রোল জব্দ করা হয়।
এ সময় ভ্রাম্যমান আদালত পেট্রোলিয়াম আইন, ২০১৬ অনুযায়ী ১০ হাজার টাকা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ৩০ হাজার টাকা, মোট ৪০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে।
জব্দকৃত পেট্রোল শনিবার (২৮ মার্চ) সকাল ১০টায় রামপুর বাজারে সরকার নির্ধারিত মূল্যে নির্ধারিত পরিমাণ অনুযায়ী প্রকাশ্যে বিক্রির জন্য কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)-কে নির্দেশ দেওয়া হয়েছে।
এ বিষয়ে ইউএনও মো. রিফাতুল ইসলাম জানান, “এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।”
ভিওডি বাংলা-মো. হুমায়ুন কবির/জা







