• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

৭ দিনে ৬ লাখ পর্যটক কক্সবাজারে, ব্যবসা ৬শ’ কোটি টাকা

কক্সবাজার প্রতিনিধি    ২৮ মার্চ ২০২৬, ০১:৩৪ পি.এম.
ছবি-ভিওডি বাংলা

ঈদ কেন্দ্র করে আবারও চাঙা পর্যটন নগরী কক্সবাজার।  টানা ছুটিকে ঘিরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সমুদ্র সৈকতে নামে পর্যটকের ঢল। 

পর্যটন সংশ্লিষ্টদের বিভিন্ন দপ্তর থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ২১ থেকে ২৭ মার্চ পর্যন্ত এক সপ্তাহে ৬ লাখের বেশি পর্যটক ভ্রমণ করেছেন কক্সবাজারে।  এতে পর্যটন খাতে প্রায় ৬০০ কোটি টাকার বাণিজ্য হয়েছে, যা নতুন করে আশার সঞ্চার করেছে সংশ্লিষ্টদের মধ্যে।

ঈদের টানা ছুটির সঙ্গে স্বাধীনতা দিবস ও সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় এবার টানা দীর্ঘ অবকাশ কাটানোর সুযোগ পেয়েছে মানুষ। আর এই সুযোগে দেশের দূর-দূরান্ত থেকে আগত পর্যটকদের ঢল নামে সমুদ্রসৈকত নগরী কক্সবাজারে। 

লাবণী, সুগন্ধা ও কলাতলী পয়েন্টসহ পুরো সৈকতজুড়ে ছিল উপচে পড়া ভিড়।  সাগরতীরে যেন তিল ধারণের ঠাঁই নেই।  বিভিন্ন বয়সী পর্যটকের উপস্থিতিতে পুরো এলাকা মুখরিত হয়ে উঠে। কেউ সমুদ্রে স্নান করছেন, কেউ বালুচরে বসে উপভোগ করছেন সূর্যাস্তের মনোমুগ্ধকর দৃশ্য।
 
বিপুলসংখ্যক পর্যটকের আগমনে ব্যস্ত সময় পার করছেন সৈকতের ফটোগ্রাফার, বিচ বাইক ও জেট স্কি চালক, ঘোড়াওয়ালা এবং কিটকট ব্যবসায়ীরা। একই সঙ্গে জমজমাট ছিল শুটকি, আচার, পার্ল হাউস ও বার্মিজ মার্কেট।  প্রত্যাশিত ব্যবসায় সন্তোষ প্রকাশ করেছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।

বিচ বাইক চালক মোহাম্মদ রাসেল বলেন, রমজানের এক মাসের স্থবিরতা কাটিয়ে ব্যবসা আবার আগের রূপে ফিরে এসেছে। এখন ব্যবসা ভালোই চলছে এবং পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক|

ফটোগ্রাফার মামুন জানান, ঈদের ছুটিতে পর্যটকের সংখ্যা অনেক বেড়েছে। আগে যেখানে আয় কম ছিল, এখন সারাদিনে ২ থেকে ৫ হাজার টাকা পর্যন্ত পর্যটকদের ছবি তুলে আয় হচ্ছে। ফলে আগের তুলনায় এখন ব্যবসা অনেক ভালো।

লাবণী শুঁটকি বিতানের স্বত্বাধিকারী শামশেদ আলম বলেন, ঈদের আগে ২০ থেকে ২৫ লাখ টাকার শুঁটকি সংগ্রহ করেছি এবং এখন ভালোই বিক্রি হচ্ছে। সকাল থেকে রাত ১২টা-১টা পর্যন্ত টানা বিক্রি হচ্ছে। প্রতিদিন গড়ে ৭০-৮০ হাজার থেকে প্রায় ১ লাখ টাকার বিক্রি হচ্ছে, যা আমাদের জন্য বেশ সন্তোষজনক।
 
টানা ছুটিতে সাগরপাড়ের পাঁচ শতাধিক হোটেল, মোটেল ও রিসোর্টের কক্ষ ছিল শতভাগ বুকিং। রেস্তোরাঁগুলোতেও ছিল চোখে পড়ার মতো ভিড়।  সব মিলিয়ে পর্যটন খাত চাঙা অবস্থায় ছিল। হোটেল কক্স-টুডের রিজারভেশন ম্যানেজার তাসবিয়া চৌধুরী জিনি বলেন, ঈদ উপলক্ষে সবমিলিয়ে টানা প্রায় ১০ দিনের ছুটি ছিল।  

টানা ছুটিতে প্রত্যাশার তুলনায় পুরোপুরি লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব না হলেও সামগ্রিকভাবে অতিথিদের কাছ থেকে ভালো সাড়া পাওয়া গেছে। ছুটি ঈদের কিছুটা আগেই শুরু হওয়ায় প্রত্যাশা কিছুটা কম পূরণ হয়েছে।  তবুও প্রাপ্ত সাড়া সন্তোষজনক এবং অতিথিরা সেবায় সন্তুষ্ট।

কক্সবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির তথ্যমতে, ঈদ, স্বাধীনতা দিবস ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে গত ৭ দিনে ৬ লাখের বেশি পর্যটক কক্সবাজারে ভ্রমণ করেছেন।  এতে পর্যটন সংশ্লিষ্ট সব খাতে ৬০০ কোটিরও বেশি টাকার ব্যবসা হয়েছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, সরকার ও বেসরকারি খাতের সমন্বিত উদ্যোগ গ্রহণ করা গেলে ভবিষ্যতে এ খাতে ১০০০ থেকে ১২০০ কোটি টাকার ব্যবসার সম্ভাবনা তৈরি হতে পারে। 

কক্সবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির মুখপাত্র আবিদ আহ্সান সাগর বলেন, প্রত্যাশিত পর্যটকের আগমন এবার হয়েছে এবং ব্যবসায় একটি স্থিতিশীল অবস্থা বিরাজ করছে। আগের সময়ের তুলনায় বর্তমানে পর্যটন খাত অনেক বেশি স্থিতিশীল। ঈদ, স্বাধীনতা দিবস ও সাপ্তাহিক ছুটিতে আনুমানিক ৬ লাখের বেশি পর্যটক কক্সবাজার ভ্রমণ করেছেন। এতে পর্যটন সংশ্লিষ্ট সব খাতে ৬০০ কোটিরও বেশি টাকার ব্যবসা হয়েছে।

তিনি আরও বলেন, আবাসন, পরিবহনসহ সংশ্লিষ্ট সব খাতের অংশীজনদের জন্য এবারের ব্যবসা ছিল ইতিবাচক। আগের তুলনায় সার্ভিস-সংক্রান্ত অভিযোগও অনেক কম দেখা গেছে। তবে ভবিষ্যতে আরও উন্নতির জন্য কিছু অবকাঠামোগত ও সেবাভিত্তিক উন্নয়ন জরুরি।

তার মতে, সরকার ও বেসরকারি খাতের মধ্যে সমন্বিত উদ্যোগ নেয়া গেলে পর্যটন খাতকে আরও শক্তিশালী করা সম্ভব হবে। এতে ভবিষ্যতে এই খাতে প্রায় ১০০০ থেকে ১২০০ কোটি টাকার ব্যবসার সম্ভাবনা রয়েছে।  একই সঙ্গে কক্সবাজারে সময়োপযোগী বিনোদনের ব্যবস্থাও বাড়ানোর প্রয়োজন রয়েছে, যাতে পর্যটকদের আকর্ষণ আরও বৃদ্ধি পায় এবং পর্যটন শিল্প দীর্ঘমেয়াদে টেকসইভাবে এগিয়ে যেতে পারে।

এদিকে, সি-সেইফ লাইফ গার্ড সংস্থার তথ্য অনুযায়ী, গত ৬ দিনে সমুদ্রস্নানে প্রায় সাড়ে ৭ লাখ মানুষকে লাইফগার্ড সেবার আওতায় আনা হয়েছে। পাশাপাশি সরাসরি যোগাযোগের মাধ্যমে ৮০ হাজারের বেশি পর্যটককে সচেতন করা হয়েছে।

ভিওডি বাংলা/আরআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শ্রীমঙ্গলে অবৈধ তেল মজুত, দুই ব্যবসায়ীকে জরিমানা
শ্রীমঙ্গলে অবৈধ তেল মজুত, দুই ব্যবসায়ীকে জরিমানা
শীর্ষ সন্ত্রাসী ইয়ার আলী গ্রেপ্তার
শীর্ষ সন্ত্রাসী ইয়ার আলী গ্রেপ্তার
তেলের সংকটে ইজিবাইকে কনের বাড়িতে বর
তেলের সংকটে ইজিবাইকে কনের বাড়িতে বর