• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে নিহত ৫ জনের বাড়ি একই গ্রামে

কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি    ২৮ মার্চ ২০২৬, ১২:৩৭ পি.এম.
ছবি-ভিওডি বাংলা

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় একই গ্রামের পাঁচ গার্মেন্টস শ্রমিকের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 

শুক্রবার (২৭ মার্চ) রাত ৮টার দিকে ধলাটেংগর এলাকায় ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন- সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের নিজপাড়া গ্রামের আজিজার রহমানের ছেলে সুলতান মাহমুদ (২৮), তার চাচাতো বোন রিফা রেসা (২৪), প্রতিবেশী নার্গিস আক্তার (৪২), তার ১২ বছরের ছেলে নিরব এবং দোলা বেগম (৪৫)।

নিহতরা ঢাকায় গার্মেন্টস শ্রমিকের কাজে যাচ্ছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, যাত্রীবাহী বাসটি পথে জ্বালানি শেষ হওয়ায় যাত্রীরা নামেন এবং ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের পাশে রেললাইনে বসে অপেক্ষা করতে থাকেন। এ সময় সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন ওই লাইনে পৌঁছালে তারা কিছু বুঝে ওঠার আগেই ট্রেনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।

ধাপেরহাট ইউনিয়ন পরিষদের সদস্য মো. শাহাদাত হোসেন জানান, নিহতরা দরিদ্র পরিবারে জন্মেছেন এবং জীবিকার তাগিদে ঢাকায় যাচ্ছিলেন। তিনি আরও বলেন, “পরিবারগুলো প্রিয়জন হারিয়ে দিশেহারা, স্থানীয়রা তাদের সান্ত্বনা দেওয়ার ভাষা হারিয়ে ফেলেছেন।”

শনিবার (২৮ মার্চ) সকালে মরদেহগুলো গ্রামে পৌঁছালে স্বজনরা কান্নায় ভেঙে পড়েন। জানাজার পর পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হবে। স্থানীয়রা বলছেন, একই গ্রামের পাঁচ প্রাণের এমন মর্মান্তিক মৃত্যুর ঘটনায় পুরো এলাকা শোকমগ্ন।

এ ঘটনায় নিরাপদ রেল ব্যবস্থাপনা এবং যাত্রীদের সচেতনতার ওপর গুরুত্বারোপ করা হচ্ছে। স্থানীয়রা অভিযোগ করছেন, রেললাইনের পাশের এলাকায় যাত্রীদের বসার উপযুক্ত ব্যবস্থা না থাকায় এই ধরনের দুর্ঘটনা ঘটেছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শ্রীমঙ্গলে অবৈধ তেল মজুত, দুই ব্যবসায়ীকে জরিমানা
শ্রীমঙ্গলে অবৈধ তেল মজুত, দুই ব্যবসায়ীকে জরিমানা
শীর্ষ সন্ত্রাসী ইয়ার আলী গ্রেপ্তার
শীর্ষ সন্ত্রাসী ইয়ার আলী গ্রেপ্তার
তেলের সংকটে ইজিবাইকে কনের বাড়িতে বর
তেলের সংকটে ইজিবাইকে কনের বাড়িতে বর