দৌলতদিয়ায় ডুবে যাওয়া বাসের রেজিস্ট্রেশন স্থগিত

রাজবাড়ীর দৌলতদিয়ায় পদ্মা নদীতে নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে যাওয়া বাসের রেজিস্ট্রেশন সাময়িকভাবে স্থগিত করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। এ সিদ্ধান্ত শুক্রবার (২৭ মার্চ) বিআরটিএ রাজবাড়ী সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জি.) মুহাম্মদ অহিদুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে জানানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, সড়ক পরিবহন আইন ২০১৮ এবং বিধিমালা ২০২২ অনুযায়ী দুর্ঘটনাকবলিত বাসটির রেজিস্ট্রেশন তাৎক্ষণিকভাবে সাময়িকভাবে স্থগিত করা হলো। কেন বাসটির রেজিস্ট্রেশন স্থায়ীভাবে বাতিল করা হবে না, সে বিষয়ে আগামী ৩ কার্যদিবসের মধ্যে মালিককে বিআরটিএ কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে হবে।
একই সঙ্গে বাসের রেজিস্ট্রেশন সনদ, ট্যাক্স টোকেন, ফিটনেস সনদ, রুট পারমিট এবং চালকের ড্রাইভিং লাইসেন্সসহ মূল নথিপত্র তলব করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব না দিলে বাসটির রেজিস্ট্রেশন স্থায়ীভাবে বাতিলসহ মালিকের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিআরটিএ’র মোটরযান পরিদর্শক ঘটনাস্থলে সরেজমিনে পরিদর্শন করে দুর্ঘটনার প্রাথমিক প্রতিবেদন জমা দিয়েছেন। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ২৫ মার্চ বিকাল ৫টা ১৫ মিনিটে দৌলতদিয়া ৩ নম্বর ফেরিঘাটে ফেরিতে ওঠার সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে ডুবে যায়। এ দুর্ঘটনায় এখন পর্যন্ত ২৬ যাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে এবং পাঁচজন গুরুতর আহত হয়েছেন।
ভিওডি বাংলা/এমএস







