• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

হাসপাতালে ঢুকে চিকিৎসাধীন যুবককে কোপালো প্রতিপক্ষ

গোপালগঞ্জ প্রতিনিধি    ২৭ মার্চ ২০২৬, ০২:৩৬ পি.এম.
রাসেল বিশ্বাস-ছবি-ভিওডি বাংলা

গোপালগঞ্জের কোটালীপাড়ায় মারধরে আহত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রাসেল বিশ্বাস (২৫) নামে এক যুবককে ওই হাসপাতালে ঢুকে কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে।  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শুক্রবার (২৭ মার্চ) সকালে এ ঘটনা ঘটে।

আহত রাসেল বিশ্বাস উপজেলার বর্ষাপাড়া গ্রামের জামাল বিশ্বাসের ছেলে।  তার অবস্থা আশঙ্কাজনক, জানান চিকিৎসক।

স্থানীয় সূত্র জানায়, জমি-সংক্রান্ত বিরোধ নিয়ে দীর্ঘদিন ধরে চাচা পান্না বিশ্বাসের সঙ্গে রাসেলের পরিবারের দ্বন্দ্ব চলছিল।  এর জেরে বৃহস্পতিবার (২৬ মার্চ) রাতে পান্নার লোকজন রাসেলকে মারধর করেন।

পরে আজ শুক্রবার সকালে আহত অবস্থায় রাসেলকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।  

অভিযোগ উঠেছে, হাসপাতালে ভর্তির পরও পান্নার লোকজন সেখানে গিয়ে রাসেলকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেন।

রাসেলের ভাই রবিউল বিশ্বাস বলেন, জমি নিয়ে বিরোধের জেরে তার চাচা পান্না বিশ্বাসের লোকজন গতকাল রাতে রাসেলকে মারধর করেন।  পরে আজ সকালে হাসপাতালে নেওয়ার পর শাওন বিশ্বাস, বাবু বিশ্বাস, মানিক বিশ্বাস, অনিক বিশ্বাস ও হাফিজুর বিশ্বাস মিলে চায়নিজ কুড়াল দিয়ে রাসেলকে কুপিয়ে গুরুতর আহত করেন।

অভিযোগের বিষয়ে পান্না বিশ্বাসের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে বাড়িতে পাওয়া যায়নি।  তার মুঠোফোন নম্বরও বন্ধ পাওয়া গেছে।

কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মৃদুল কুমার দাস বলেন, সকালে বর্ষাপাড়া এলাকা থেকে রাসেল নামের এক রোগী চিকিৎসা নিতে আসেন।  এ সময় পাঁচ-ছয়জন দুর্বৃত্ত হাসপাতালে ঢুকে রাসেলকে কুপিয়ে গুরুতর আহত করে।  তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে কোটালীপাড়া থানার উপপরিদর্শক সুব্রত মালো বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত হাসপাতালে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ভিওডি বাংলা/আরআর


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মধুপুরে ভুয়া পুলিশ তদ্বিরকারী মিজানুর আটক
মধুপুরে ভুয়া পুলিশ তদ্বিরকারী মিজানুর আটক
যশোরে ট্রাকের ধাক্কায় কলেজ শিক্ষক নিহত
যশোরে ট্রাকের ধাক্কায় কলেজ শিক্ষক নিহত
আত্মগোপন থেকে বাড়িতে, অতঃপর গ্রেপ্তার আ.লীগ নেতা
আত্মগোপন থেকে বাড়িতে, অতঃপর গ্রেপ্তার আ.লীগ নেতা