• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

কালাকচুয়ায় প্রাইভেটকারে বাসের ধাক্কা, নিহত ৫

কুমিল্লা প্রতিনিধি    ২৭ মার্চ ২০২৬, ০৯:৩৪ এ.এম.
ছবি: সংগৃহীত

কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চার সদস্যসহ পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়ে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে মহাসড়কের কালাকচুয়া এলাকায় মিয়ামী হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ময়নামতি হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোমেন।

পুলিশ জানায়, নিহতদের মধ্যে চারজন একই পরিবারের সদস্য এবং অপরজন প্রাইভেটকারের চালক। নিহতরা হলেন-নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার ছাতারপাইয়া এলাকার বাসিন্দা ও জামিয়া মোহাম্মদীয়া আরাবিয়ার শাইখুল হাদিস শিক্ষক মুফতি আব্দুল মোমিন (৫০), তার স্ত্রী ঝর্না বেগম (৪০), মেয়ে লাবিবা (১৯), ছেলে সাঈদ আশরাফ (৭) এবং প্রাইভেটকারচালক জামাল হোসেন (৫২)। চালক জামাল বরিশালের বাসিন্দা ছিলেন।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, প্রাইভেটকারটি ঢাকা থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছিল। পথে কালাকচুয়া এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা চট্টগ্রামগামী স্টার লাইন পরিবহনের একটি বাস গাড়িটিকে সজোরে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায় এবং ভেতরে থাকা সবাই গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত ইস্টার্ন মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক চারজনকে মৃত ঘোষণা করেন। অপর আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে শিশু সাঈদ আশরাফ মারা যায়।

ওসি আব্দুল মোমেন জানান, দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে এবং জড়িত বাস ও প্রাইভেটকার জব্দ করা হয়েছে। তবে বাসের চালক ও হেলপার পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বরগুনায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বরগুনায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
স্মৃতিসৌধে আ. লীগের ব্যানার নিয়ে ‘জয় বাংলা’ স্লোগান দেয়ায় নারী আটক
স্মৃতিসৌধে আ. লীগের ব্যানার নিয়ে ‘জয় বাংলা’ স্লোগান দেয়ায় নারী আটক
পদ্মা পাড়ে ২৬ মরদেহ উদ্ধার, নিখোঁজ অন্তত ৬ জন
পদ্মা পাড়ে ২৬ মরদেহ উদ্ধার, নিখোঁজ অন্তত ৬ জন