পদ্মা পাড়ে ২৬ মরদেহ উদ্ধার, নিখোঁজ অন্তত ৬ জন

পদ্মা পাড়ে কান্না থামছেই না। বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকাল ৩টা ১৬ মিনিট পর্যন্ত ২৬ জনের মরদেহ উদ্ধারের তথ্য দিয়েছে ফায়ার সার্ভিস। সরকারি এ দপ্তরটির মিডিয়া সেলের প্রধান শাহজাহান শিকদার এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ফায়ার সার্ভিস কর্তৃক ২৩, স্থানীয় জনতা কর্তৃক ২, নৌবাহিনীর ডুবুরি কর্তৃক ১জন—অর্থাৎ মোট ২৬টি মরদেহ উদ্ধার হয়েছে। বাসটি ৬০ ফুট গভীরে চলে গিয়েছিল।
উদ্ধার অভিযান সম্পর্কে তিনি বলেন, দৌলতদিয়ায় ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান চলমান আছে। ফরিদপুরের ডুবুরি ইউনিট দুর্ঘটনাস্থলে রয়েছে। শুধু ঢাকার ডুবুরি ইউনিট প্রত্যাহার করা হয়েছে। নিহতদের পরিচয় শনাক্ত করে মরদেহ হস্তান্তর করা হচ্ছে।
.jpeg)
এ ঘটনায় রাজবাড়ী জেলা প্রশাসন থেকে পাঁচ সদস্যের একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
সৌহার্দ্য পরিবহনের রাজবাড়ীর কাউন্টার ম্যানেজার সিরাজ আহমেদ জানান, বাসটি কুমারখালী থেকে ছেড়ে আসে। পাংশা, গান্ধীমারা, সোনাপুর মোড়সহ বিভিন্ন স্টপেজ থেকে যাত্রী উঠেছেন। রাজবাড়ী থেকে ১৪ জন যাত্রী উঠেছেন। তখন বাসে যাত্রী, চালক, হেলপারসহ ৪৩ জন ছিলেন। বাসটি নদীতে পড়ে যাওয়ার পর বাসের চালক, হেলপারের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেছেন। ফোন বন্ধ পাওয়া যাচ্ছে।
দৌলতদিয়া ফেরিঘাটে দায়িত্বপ্রাপ্ত পরিবহনের ঘাট তত্ত্বাবধায়ক মো. মনির হোসেন বলেন, “চোখের সামনে বাসটি পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে গেল, অথচ আমরা কিছুই করতে পারছিলাম না। কয়েকজন যাত্রী ওপরে উঠতে পারলেও অধিকাংশ যাত্রী বাসের ভেতর আটকা পড়েছেন।”
ভিওডি/আরআর/এমএস







