স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা

আজ মহান স্বাধীনতা দিবসের ৫৫তম বার্ষিকীতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে স্বাধীনতাযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে। শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে পুষ্পস্তবক অর্পণ করা হয় এবং শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
শ্রদ্ধা জানানো বেদিতে উপস্থিত ছিলেন পার্টির সাধারণ সম্পাদক জননেতা সাইফুল হক, রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান, ঢাকা মহানগর কমিটির সদস্য বাবর চৌধুরী, জোনায়েদ হোসেন, স্বাধীন মিয়া, শিবু মোহান্ত, শিল্পাঞ্চল কমিটির নেতা সুমন মিয়া, মোহাম্মদ লিটন, ফারুক হোসেন এবং শিউলি বেগম প্রমুখ।
উপস্থিত গণমাধ্যমে সাইফুল হক বলেন, "গণতন্ত্রের জন্য লড়াই করতে করতে এদেশের মানুষের ৫৫ বছর কেটে গেছে। গত সাড়ে পাঁচ দশকেও আমরা জাতি হিসেবে রাজনৈতিকভাবে সাবালক হয়ে উঠতে পারিনি। সরকার পরিচালনার ক্ষমতাকে স্বেচ্ছাচারী চালানোর লাইসেন্স মনে করা হয়েছে। গণতন্ত্রের পরিবর্তে স্বৈরতন্ত্র, সাম্যের পরিবর্তে অমানবিক বৈষম্য, আর সামাজিক ন্যায়ের পরিবর্তে সামাজিক নৈরাজ্য ও বেইনসাফি প্রতিষ্ঠিত হয়েছে। বাস্তবে লক্ষ লক্ষ শহীদদের আত্মত্যাগের সাথে বেইমানি করা হয়েছে। স্বাধীনতার ৫৫ বছর পরও আমরা শহীদদের স্বপ্নের সাম্যভিত্তিক, অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠা করতে সক্ষম হইনি।"
তিনি আরও বলেন, "২০২৪ সালের গণঅভ্যুত্থান এবং গত ১২ ফেব্রুয়ারির নির্বাচন ও বিএনপির নেতৃত্বাধীন নতুন সরকার গঠনের মাধ্যমে একটি গণতান্ত্রিক, প্রগতিশীল, বহুত্ববাদী ও অসাম্প্রদায়িক রাষ্ট্র ও সমাজ গঠনের সুযোগ তৈরি হয়েছে। এই সুযোগকে নষ্ট হতে দেওয়া যাবে না। প্রজ্ঞা, দূরদর্শিতা ও দক্ষতার সঙ্গে গণতান্ত্রিক উত্তরণের সুযোগ কাজে লাগাতে হবে।"
সাইফুল হক নতুন সরকারকে ১৯৭১ সালের সংগঠিত গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আহ্বান জানান। তিনি বলেন, "শহীদদের আত্মত্যাগকে সম্মান জানানো এবং তাদের স্বপ্নের রাষ্ট্র প্রতিষ্ঠা করাই আমাদের অন্যতম দায়িত্ব।"
ভিওডি বাংলা/জা







