স্বাধীনতা দিবসে জাতীয় প্যারেড স্কয়ারে কুচকাওয়াজ শুরু

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজধানীর তেজগাঁও পুরাতন বিমানবন্দরের জাতীয় প্যারেড স্কয়ারে বর্ণিল কুচকাওয়াজ শুরু হয়েছে। স্বাধীনতার ৫৫তম বার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত এই কুচকাওয়াজে সশস্ত্র বাহিনীর সদস্যরা অংশ নিচ্ছেন শৃঙ্খলাবদ্ধ ও দৃষ্টিনন্দন প্রদর্শনীতে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল থেকে শুরু হওয়া এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে সালাম গ্রহণ করবেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। প্রধানমন্ত্রী তারেক রহমানসহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা, তিন বাহিনীর প্রধান, মন্ত্রিপরিষদের সদস্য এবং দেশি-বিদেশি কূটনীতিকরা অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনায় সশস্ত্র বাহিনী বিভাগের তত্ত্বাবধানে এবং নবম পদাতিক ডিভিশনের ব্যবস্থাপনায় এই কুচকাওয়াজ আয়োজন করা হচ্ছে। অনুষ্ঠানে বিভিন্ন বাহিনীর কুচকাওয়াজ ছাড়াও সামরিক কৌশল ও সরঞ্জামের প্রদর্শনী অন্তর্ভুক্ত রয়েছে, যা দর্শকদের মাঝে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে।
উল্লেখ্য, ২০০৮ সালের পর দীর্ঘ বিরতির পর এবার স্বাধীনতা দিবসে পুনরায় কুচকাওয়াজ আয়োজন করা হয়েছে। এর আগে অন্তর্বর্তী সরকারের সময় এই আয়োজন বন্ধ ছিল, যদিও বিজয় দিবসে সীমিত পরিসরে অনুষ্ঠান অনুষ্ঠিত হতো।
বর্তমান সরকারের উদ্যোগে এবার জাঁকজমকপূর্ণভাবে কুচকাওয়াজ আয়োজনের লক্ষ্যে রোজার শুরু থেকেই জাতীয় প্যারেড স্কয়ারে প্রস্তুতি নেওয়া হয়। মঙ্গলবার চূড়ান্ত মহড়ার মাধ্যমে প্রস্তুতি সম্পন্ন করা হয়।
ভিওডি বাংলা/জা







