কলম্বিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৩৪

দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে উড্ডয়নের কিছুক্ষণ পরই একটি সামরিক কার্গো বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ৩৪ জন নিহত হয়েছেন। আহত ও নিখোঁজের সংখ্যা বেশি হওয়ায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সোমবার (২৪ মার্চ) দেশটির পুতোমায়ো বিভাগের পুয়ের্তো লেগুইজামো শহরের কাছে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় কর্তৃপক্ষ জানায়, বিমানটিতে মোট ১২৫ জন আরোহী ছিলেন।
পুয়ের্তো লেগুইজামোর মেয়র লুইস এমিলিও বুস্টোস এক বিবৃতিতে বলেন, “এটি অত্যন্ত মর্মান্তিক একটি ঘটনা। এখন পর্যন্ত ৩৪ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে, তবে এই সংখ্যা আরও বাড়তে পারে।”
অন্যদিকে পুতোমায়োর গভর্নর জন গ্যাব্রিয়েল মোলিনা জানান, নিহতদের মধ্যে ২১ জনের মরদেহ এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।
কলম্বিয়ার সামরিক বাহিনীর তথ্য অনুযায়ী, দুর্ঘটনার পর এখন পর্যন্ত ৪৮ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে নিখোঁজদের অবস্থার কারণে চূড়ান্ত মৃতের সংখ্যা ৮০ জনের কাছাকাছি পৌঁছাতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বিধ্বস্ত বিমানটি ছিল যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিরক্ষা প্রযুক্তি প্রতিষ্ঠান লকহিড মার্টিন নির্মিত একটি হারকিউলিস সি-১৩০ মডেলের কার্গো বিমান।
দেশটির প্রতিরক্ষামন্ত্রী পেদ্রো সানচেজ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় জানান, বিমানটি উড্ডয়নের পর মাত্র দেড় কিলোমিটার উচ্চতায় পৌঁছানোর পর নিয়ন্ত্রণ হারিয়ে মাটিতে আছড়ে পড়ে।
ভিওডি বাংলা/জা







