স্বাধীনতা দিবস পালন করবে জামায়াত, স্মৃতিসৌধে শ্রদ্ধাসহ ২ দিনের কর্মসূচি

এ বছর মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে পালন করার সিদ্ধান্ত জানিয়ে দুই দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। স্বাধীনতায় বিরোধীতা করার তকমা গায়ে এটে থাকা এ দলটি জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করাসহ দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে।
সোমবার (২৩ মার্চ) জামায়াতে ইসলামীর অফিসিয়াল ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে।
দলটির স্বাধীনতা দিবস পালন বিষয়ক কর্মসূচিতে রয়েছে- আলোচনা সভা, জাতীয় পতাকা উত্তোলন, দোয়া অনুষ্ঠান ও সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন।
যদিও ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালীন পাকিস্তানিদের পক্ষ নিয়ে দেশের মানুষ ও মুক্তিযোদ্ধাদের ওপর নির্মম নির্যাতন, ধর্ষনসহ মানবতাবিরোধী অপরাধ করার দায়ে দলটির একাধিক শীর্ষ কয়েকজন নেতার ফাঁসি কার্যকর করে মৃত্যু নিশ্চিত করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় অনুযায়ী। একাত্তরে মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য এই ট্রাইব্যুনাল গঠন করে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার।
জামায়াতের ফেসবুক পোস্টে বলা হয়, আগামী ২৫ মার্চ বিকেল ৩টায় জাতীয় প্রেস ক্লাবে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলটির আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। এ ছাড়া কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতারা সভায় বক্তব্য দেবেন।
পরদিন ২৬ মার্চ স্বাধীনতা দিবসে দলের কেন্দ্রীয় কার্যালয়সহ দেশব্যাপী বিভিন্ন পর্যায়ে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। একইসঙ্গে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
একই দিন সকালে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান রাষ্ট্রীয় অনুষ্ঠানের অংশ হিসেবে সাভার জাতীয় স্মৃতিসৌধে যাবেন এবং শ্রদ্ধা নিবেদন ও দোয়া করবেন।







