ঈদে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মরহুমা বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (২১ মার্চ) দুপুর পৌনে ১টার দিকে জিয়া উদ্যানে মা-বাবার কবর জিয়ারত করেন প্রধানমন্ত্রী।
এ সময় তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন।
মাজার জিয়ারতকালে প্রধানমন্ত্রীর সঙ্গে দলীয় নেতাকর্মী, পরিবারের সদস্য এবং সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। তারা ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় দোয়া করেন।

ঈদুল ফিতর উপলক্ষে প্রতি বছরের মতো এবারও দলীয় নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে জিয়া উদ্যান এলাকায় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থান দেখা গেছে।
এর আগে এদিন সকালে জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করেন তারেক রহমান।
পরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন তিনি।
শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বহুবছর পর দেশের মাটিতে ঈদ উৎসব পালন করতে পেরে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি।
দেশের নাগরিক হিসেবে আল্লাহর কাছে দোয়া করি দেশের মানুষ যেভাবে নির্বিঘ্নে ঈদ উদযাপন করেছে আগামী দিনগুলোতে আরও বেশি করে শান্তিপূর্ণভাবে ঈদ উদযাপন করতে সক্ষম হই সেই প্রত্যাশা করি।
তিনি আরও বলেন, দেশবাসীর কাছে অনুরোধ থাকবে তাদের সহযোগিতা থাকলে নির্বাচিত সরকার আপনাদের চাওয়া অনুযায়ী দেশ গঠনের কাজে সর্বোচ্চ শক্তি দিয়ে কাজ চালিয়ে যাবে। দলমত নির্বিশেষে সবাই ভালো থাকবেন।
’৭১ মুক্তিযোদ্ধাদের ও ‘২৪ এর ছাত্রজনতার আন্দোলনে শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করেন তিনি।
ভিওডি বাংলা/জা







