রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর উপস্থিতিতে প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর উপস্থিতিতে জাতীয় ঈদগাহে পবিত্র ঈদুল ফিতর ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত হাজার হাজার মুসল্লি একসঙ্গে ঈদের নামাজ আদায় করেন।
শনিবার (২১ মার্চ) সকাল সাড়ে ৮টায় শুরু হওয়া এই জামাতে ধর্মপ্রাণ মুসল্লিদের ঢল নামে।
প্রধান ঈদ জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মুহাম্মদ আবদুল মালেক। নামাজ শেষে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

প্রধান জামাতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেন। এ সময় প্রধান বিচারপতি, মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা এবং বাংলাদেশে কর্মরত মুসলিম বিশ্বের বিভিন্ন দেশের কূটনীতিকরাও উপস্থিত ছিলেন। ঈদের জামাতে অংশ নিয়ে তারা মুসল্লিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
অন্যদিকে, রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমেও ঈদের একাধিক জামাত অনুষ্ঠিত হয়েছে। সকাল ৭টায় প্রথম জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মাওলানা মিজানুর রহমান। এরপর সকাল ৮টায় দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়, যেখানে ইমামতি করেন মসজিদের পেশ ইমাম মুফতি মুহিব্বুল্লাহিল বাকী নদভী।
এ ছাড়া সকাল ৯টা, সকাল ১০টা এবং বেলা পৌনে ১১টায় আরও তিনটি ঈদ জামাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তৃতীয় জামাতে ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মাওলানা মো. জাকির হোসেন, চতুর্থ জামাতে ইমাম প্রশিক্ষণ একাডেমির ধর্মীয় প্রশিক্ষক মাওলানা যোবায়ের আহমেদ আল আযহারী এবং পঞ্চম ও সর্বশেষ জামাতে ইসলামিক ফাউন্ডেশনের মুফতি মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ ইমামতির দায়িত্ব পালন করবেন।
ঈদ জামাতকে কেন্দ্র করে জাতীয় ঈদগাহ ও আশপাশের এলাকায় নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। মুসল্লিদের নিরাপদ প্রবেশ নিশ্চিত করতে ঈদগাহে প্রবেশপথে আর্চওয়ে ও মেটাল ডিটেক্টর বসানো হয়। পাশাপাশি পুরো ঈদগাহ ময়দান এবং আশপাশের এলাকা সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে এবং নিয়ন্ত্রণকক্ষ থেকে সার্বক্ষণিক নজরদারি করা হচ্ছে।
এ ছাড়া জাতীয় ঈদগাহে প্রবেশের প্রধান তিনটি পয়েন্ট-মৎস্য ভবন, জাতীয় প্রেসক্লাব ও শিক্ষা ভবন এলাকায় রোড ব্যারিকেড বসিয়ে অনাকাঙ্ক্ষিত যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পুরো এলাকায় সতর্ক অবস্থানে থেকে নিরাপত্তা নিশ্চিত করেন।
ভিওডি বাংলা/জা







