আমিরাতে ঈদগাহ-খোলা মাঠে ঈদের নামাজে নিষেধাজ্ঞা

সংযুক্ত আরব আমিরাতে এবারের পবিত্র ঈদুল ফিতরের জামাত শুধুমাত্র মসজিদে অনুষ্ঠিত হবে। দেশটির ইসলামী বিধান, ওয়াকফ ও যাকাত বিষয়ক সাধারণ কর্তৃপক্ষ খোলা মাঠ বা ঐতিহ্যবাহী জামাতের স্থান ব্যবহার বন্ধের নির্দেশ দিয়েছে। খবর গালফ নিউজের।
কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, “এই সিদ্ধান্ত সারা দেশে প্রযোজ্য হবে এবং প্রচলিত খোলা জায়গায় কোনো ঈদের জামাত অনুষ্ঠিত হবে না।”
আধিকারিকরা আরও বলেন, নামাজের সুষ্ঠু আয়োজন নিশ্চিত করা এবং জননিরাপত্তা বজায় রাখা এই পদক্ষেপের মূল লক্ষ্য। তাই দেশটির বিভিন্ন আমিরাতে মুসল্লিদের মসজিদে গিয়ে নামাজ আদায় করার পরামর্শ দেওয়া হয়েছে।
বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, সংযুক্ত আরব আমিরাতের সব মসজিদ ঈদের নামাজের জন্য প্রস্তুত রয়েছে। পাশাপাশি জনগণকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলার জন্য আহ্বান জানানো হয়েছে।
উল্লেখ্য, ঈদুল ফিতর রমজান মাসের সমাপ্তি উপলক্ষে উদযাপিত হয়। সাধারণত এই সময়ে বড় জামাত খোলা মাঠ বা নির্ধারিত স্থানে অনুষ্ঠিত হয়, তবে এবছর তা সীমাবদ্ধ করা হয়েছে।
ভিওডি বাংলা/এমএস







