• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

পঞ্চগড়ে ৩ দিন ধরে জ্বালানি তেলের সংকট, ভোগান্তিতে চালকরা

পঞ্চগড় প্রতিনিধি    ১৮ মার্চ ২০২৬, ১২:০২ পি.এম.
ছবি-ভিওডি বাংলা

পঞ্চগড়ে টানা তিন দিন ধরে জেলার বিভিন্ন ফিলিং স্টেশনে জ্বালানি তেলের সংকট দেখা দিয়েছে। এতে মোটরসাইকেল, বাস, ট্রাকসহ বিভিন্ন যানবাহনের চালক ও সাধারণ গ্রাহকদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে।

জেলার পঞ্চগড় সদরসহ তেঁতুলিয়া, আটোয়ারি, বোদা ও দেবীগঞ্জ উপজেলার অধিকাংশ ফিলিং স্টেশনে পেট্রোল, অকটেন ও ডিজেলের সরবরাহ কমে যাওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। জেলার প্রায় ২৭টি ফিলিং স্টেশনের মধ্যে বেশির ভাগই তেল সংকটের কারণে আংশিক বা পুরোপুরি বন্ধ রাখতে বাধ্য হয়েছে।

অনেক স্টেশনে তেল ডিসপেনসার মেশিনের সামনে ড্রাম ও বাঁশ দিয়ে যানবাহন প্রবেশ বন্ধ রাখা হয়েছে। কোথাও কোথাও সীমিত আকারে তেল বিক্রি করা হচ্ছে। কিছু স্টেশনে মোটরসাইকেলে ১০০ টাকার পেট্রোল এবং বাস, মিনিবাস, নাইট কোচ ও ট্রাক্টরের জন্য সর্বোচ্চ ২০ লিটার করে ডিজেল দেওয়া হচ্ছে।

হঠাৎ করে এমন সংকটে ক্ষোভ প্রকাশ করেছেন গ্রাহকেরা। তাদের অভিযোগ, তেল সরবরাহ স্বাভাবিক থাকা সত্ত্বেও কিছু পাম্প মালিক কৃত্রিম সংকট তৈরি করে বেশি দামে বিক্রির চেষ্টা করছেন। অনেকের দাবি, পাম্প থেকে গোপনে খুচরা বিক্রেতাদের কাছে বেশি দামে ডিজেল ও পেট্রোল সরবরাহ করা হচ্ছে।

একাধিক গ্রাহক বলেন, যদি সত্যিই তেলের সংকট থাকে, তবে সরকারিভাবে ঘোষণা দেওয়া উচিত। এভাবে গ্রাহকদের হয়রানি করা ঠিক নয়।

তবে ফিলিং স্টেশন সংশ্লিষ্টদের দাবি, ডিপো থেকে পর্যাপ্ত সরবরাহ না পাওয়ায় এই পরিস্থিতি তৈরি হয়েছে। তাদের মতে, সরবরাহ স্বাভাবিক হলেই সংকট কেটে যাবে।

এ বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুমন চন্দ্র দাস বলেন, বৈশ্বিক পরিস্থিতির কারণে জ্বালানি তেলের বাজারে কিছুটা চাপ তৈরি হয়েছে। তবে সরকার বিষয়টি গুরুত্বসহকারে দেখছে। পঞ্চগড়ে বড় কোনো সংকট নেই, চাহিদার তুলনায় সরবরাহ কিছুটা কমে যাওয়ায় সাময়িক এই অবস্থা তৈরি হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, দুই থেকে তিন দিনের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে।

ভিওডি বাংলা/জা


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মাতৃদুগ্ধ পান কেন্দ্রের সামনে ময়লা আবর্জনা
মাতৃদুগ্ধ পান কেন্দ্রের সামনে ময়লা আবর্জনা
শরীরে ক্ষত, গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
শরীরে ক্ষত, গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
ঈদযাত্রায় সাভারে ৪ কিলোমিটার সড়কে ধীরগতি
ঈদযাত্রায় সাভারে ৪ কিলোমিটার সড়কে ধীরগতি