মানুষের দুঃখ-দুর্দশা কমানোই আমাদের লক্ষ্য: প্রতিমন্ত্রী ইশরাক

মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, দেশের মানুষের দুঃখ–দুর্দশা কমানোই তাদের রাজনীতির মূল লক্ষ্য। তিনি বলেন, জনগণকে সঙ্গে নিয়ে এলাকার বিভিন্ন সমস্যা সমাধানে সরকার কাজ করছে।
সোমবার (১৬ মার্চ) ওয়ারী থানার ৩৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল হক সহিদ এর উদ্যোগে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, এলাকাবাসীর জীবনে পাহাড়সম সমস্যা রয়েছে এবং নির্বাচনের আগে এসব সমস্যা নিয়ে কথা বলা হয়েছে ও নানা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। সরকার গঠনের মাত্র এক মাস হয়েছে এবং একটি ধ্বংসাত্মক অর্থনৈতিক পরিস্থিতির মধ্যেই সরকার দায়িত্ব গ্রহণ করেছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনের আগে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলেন, সেগুলো বাস্তবায়নে চেষ্টা করছেন। সম্প্রতি ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে এবং এই কর্মসূচির কার্যক্রম সংশ্লিষ্ট ওয়ার্ডেও হবে। এর মাধ্যমে মানুষের কিছুটা হলেও সমস্যার লাঘব হবে এবং নারীর ক্ষমতায়নেও সহায়তা করবে।
ইশরাক হোসেন বলেন, এলাকায় গ্যাসের সংকট একটি বড় সমস্যা। তিনি জানান, দায়িত্ব গ্রহণের পর তিতাস গ্যাস কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করে এলাকায় গ্যাস পাইপলাইনের কোথায় কোথায় সমস্যা রয়েছে তা চিহ্নিত করা হয়েছে।
এলাকার রাস্তাঘাটের দুরবস্থার কথা তুলে ধরে তিনি বলেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রকৌশলীদের সঙ্গে বৈঠক করে দ্রুত সময়ের মধ্যে রাস্তার সমস্যাগুলো ধাপে ধাপে সমাধানের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের বিষয়ে তিনি বলেন, ঢাকা-৬ অঞ্চলের সংশ্লিষ্ট পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মন্ত্রণালয়ে বসে দুই দফা বৈঠক করা হয়েছে। তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে যাতে এলাকায় চুরি, ছিনতাই, মাদক, চাঁদাবাজি ও ডাকাতির মতো অপরাধ দমন করা যায় এবং মানুষ নির্বিঘ্নে চলাফেরা করতে পারে।
আগামী বর্ষা মৌসুমের আগে ড্রেনেজ ব্যবস্থার কাজ করার কথাও জানান তিনি। একই সঙ্গে তিনি বলেন, দীর্ঘ ১৭ বছরের শাসনের ফলে সৃষ্ট সমস্যাগুলো রাতারাতি সমাধান করা সম্ভব নয়। তাই এসব সমস্যা সমাধানে জনগণের সহযোগিতা ও কিছু সময় প্রয়োজন।
ইশরাক হোসেন বলেন, ধনী ও গরিবের বৈষম্য কমিয়ে আনা এবং মানুষের জীবনযাত্রার মান উন্নত করার জন্য সরকার কাজ করছে।
তিনি বলেন, তারা রাজনীতি করেছেন মানুষের সমস্যা সমাধানের জন্য। মানুষের দুঃখ-দুর্দশা দূর করা এবং এমন একটি বাংলাদেশ গড়ে তোলা, যেখানে কেউ দরিদ্র, অর্ধাহারে বা অনাহারে থাকবে না-এটাই তাদের লক্ষ্য।
এ সময় উপস্থিত ছিলেন ৩৮ নম্বর ওয়ার্ড বিএনপি'র সাধারণ সম্পাদক শহিদুল হক সহিদ।
ভিওডি বাংলা/জা







