• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক    ১৬ মার্চ ২০২৬, ১০:০৩ পি.এম.
প্রধানমন্ত্রী তারেক রহমান

দেশ গড়ার আহ্বান আর উন্নয়নের প্রতিশ্রুতিতে দিনাজপুরের মানুষকে নতুন বার্তা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দেশ সবার—একে এগিয়ে নিতে হলে সবাইকে ধৈর্য ও সম্মিলিত প্রচেষ্টায় কাজ করতে হবে। জনগণের সহযোগিতা পেলে সরকার প্রত্যাশিত বাংলাদেশ গড়তে সর্বোচ্চ চেষ্টা চালাবে বলেও আশ্বাস দেন তিনি।

সোমবার (১৬ মার্চ) দিনাজপুর সার্কিট হাউস মাঠে আয়োজিত সুধী সমাবেশ ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

দিনাজপুরের সঙ্গে নিজের আবেগঘন স্মৃতির কথা তুলে ধরে তিনি বলেন, এই শহরের কথা মনে পড়লেই নানিবাড়ির স্মৃতি ভেসে ওঠে। বালুবাড়ি ও ঘাসিপাড়ায় তার নানিবাড়ি ছিল উল্লেখ করে এলাকার প্রতি তার বিশেষ টান রয়েছে বলেও জানান।

নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতির প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, সরকার গঠনের অল্প সময়ের মধ্যেই সেসব প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু হয়েছে। এরই অংশ হিসেবে দিনাজপুরের কাহরল এলাকা থেকে খাল খনন কর্মসূচি শুরু করা হয়েছে।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে দেশের নদী-নালা ও খাল ভরাট হয়ে যাওয়ায় শুষ্ক মৌসুমে পানির সংকট এবং বর্ষায় হঠাৎ বন্যার মতো পরিস্থিতি তৈরি হচ্ছে। এই সমস্যা মোকাবিলায় আগামী পাঁচ বছরে প্রায় ২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনা নিয়েছে সরকার, যাতে পানি সংরক্ষণ করে কৃষিকাজে ব্যবহার করা যায়।

ভূগর্ভস্থ পানির সংকটের দিকেও দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, আগে ১০০ থেকে ১৫০ ফুটের মধ্যেই পানির স্তর পাওয়া গেলেও এখন অনেক জায়গায় ৬০০ থেকে ৭০০ ফুট পর্যন্ত যেতে হচ্ছে। এতে পানির স্তর কমার পাশাপাশি আর্সেনিক সমস্যাও বাড়ছে। খাল ও নদী পুনঃখননের মাধ্যমে পানি সংরক্ষণ করা গেলে ভূগর্ভস্থ পানির পুনঃভরণ সম্ভব হবে এবং আর্সেনিক সমস্যাও কমবে বলে আশা প্রকাশ করেন তিনি।

নারীর ক্ষমতায়ন নিয়ে সরকারের পরিকল্পনার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী জানান, দেশের প্রায় চার কোটি পরিবারের নারী প্রধানের হাতে একটি করে ফ্যামিলি কার্ড দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে রাষ্ট্রীয় সহায়তা পৌঁছে দেওয়া হবে। ইতোমধ্যে ১৫টি এলাকায় ৩৭ হাজার মানুষকে অন্তর্ভুক্ত করে পাইলট প্রকল্প চালু হয়েছে।

ধর্মীয় গুরুর সম্মানী প্রদানের প্রতিশ্রুতির কথাও উল্লেখ করে তিনি বলেন, মসজিদের ইমাম, মুয়াজ্জিনসহ বিভিন্ন ধর্মীয় নেতাদের জন্য সম্মানী কার্যক্রম ইতোমধ্যে চালু করা হয়েছে। পাশাপাশি আগামী মাসের মধ্যে কৃষকদের জন্য ‘কৃষক কার্ড’ কর্মসূচির পাইলট প্রকল্প শুরু করার পরিকল্পনাও রয়েছে।

কৃষিপ্রধান এ অঞ্চলে শিল্পায়নের উদ্যোগের কথাও জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, ঈদের পর শিল্পোদ্যোক্তাদের সঙ্গে আলোচনা করে কৃষিভিত্তিক শিল্প স্থাপনের পরিকল্পনা নেওয়া হবে, যাতে স্থানীয় তরুণদের কর্মসংস্থান সৃষ্টি হয়।

সমাবেশে দিনাজপুর জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। বক্তব্যের শুরুতে প্রধানমন্ত্রী উপস্থিত সুধীজন ও এলাকাবাসীকে শুভেচ্ছা জানান।

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশিদের ট্যুরিস্ট ভিসা চালুর চেষ্টা অব্যাহত রয়েছে: প্রণয় ভার্মা
বাংলাদেশিদের ট্যুরিস্ট ভিসা চালুর চেষ্টা অব্যাহত রয়েছে: প্রণয় ভার্মা
ঈদে সড়কের বিশৃঙ্খলা প্রতিরোধে বিআরটিএর হটলাইন নম্বর
ঈদে সড়কের বিশৃঙ্খলা প্রতিরোধে বিআরটিএর হটলাইন নম্বর
দিনাজপুরে সাদাসিধে সফরে প্রধানমন্ত্রী, স্থানীয়দের বিস্ময়
দিনাজপুরে সাদাসিধে সফরে প্রধানমন্ত্রী, স্থানীয়দের বিস্ময়