• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউএনওডিসি প্রধানের বৈঠক

নিজস্ব প্রতিবেদক    ১৬ মার্চ ২০২৬, ০৯:৫৪ পি.এম.
ছবি: সংগৃহীত

অস্ট্রিয়ার ভিয়েনায় অনুষ্ঠিত ‘গ্লোবাল ফ্রড সামিট’-এর পার্শ্ব আয়োজনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বৈঠকে বসেছেন জাতিসংঘের মাদক ও অপরাধবিষয়ক সংস্থা (UNODC)-এর নির্বাহী পরিচালক জন ব্র্যান্ডোলিনো। গুরুত্বপূর্ণ এ বৈঠকে পুলিশ সংস্কারসহ অপরাধ দমনে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হয়েছে।

সোমবার (১৬ মার্চ) স্থানীয় সময় বিকেলে ভিয়েনা ইন্টারন্যাশনাল সেন্টারের ‘এম-বিল্ডিং’-এর একটি কনফারেন্স কক্ষে এ দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকের শুরুতে স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে মাদক নিয়ন্ত্রণ, মানব পাচার প্রতিরোধ, মানি লন্ডারিং এবং সাইবার অপরাধ মোকাবিলায় ইউএনওডিসি-এর দীর্ঘদিনের কারিগরি ও কৌশলগত সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, অপরাধের বৈশ্বিক পরিবর্তনশীল প্রেক্ষাপটে ইউএনওডিসি বাংলাদেশের অন্যতম বিশ্বস্ত অংশীদার।

এ সময় ২০২৬ সালের সদ্য সমাপ্ত জাতীয় নির্বাচনে বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধিতে ইউএনওডিসি-এর বিশেষ অবদানের কথা উল্লেখ করেন তিনি। মন্ত্রী জানান, নির্বাচনের সময় দেশের ৮৯ জন পুলিশ সুপার (এসপি) ও ৫৭৪ জন অফিসার-ইন-চার্জ (ওসি)-কে প্রশিক্ষণ প্রদান এবং নির্বাচনী আইনবিষয়ক হ্যান্ডবুক প্রণয়নে সংস্থাটির ভূমিকা আইন-শৃঙ্খলা রক্ষায় ইতিবাচক প্রভাব ফেলেছে।

বৈঠকে বর্তমান সরকারের নেওয়া বিস্তৃত ‘পুলিশ সংস্কার’ কর্মসূচির ওপর গুরুত্বারোপ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এই উদ্যোগকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে ইউএনওডিসি-এর কারিগরি সহায়তা, নীতিগত পরামর্শ এবং বৈশ্বিক অভিজ্ঞতার সমন্বয় প্রয়োজন। তিনি আরও বলেন, একটি আধুনিক, পেশাদার ও জনবান্ধব পুলিশ বাহিনী গড়ে তোলা সরকারের অগ্রাধিকার।

অন্যদিকে ইউএনওডিসি-এর নির্বাহী পরিচালক বাংলাদেশের নিরাপত্তা খাত আধুনিকায়ন এবং মাদক ও অপরাধ নিয়ন্ত্রণে সরকারের দৃঢ় অবস্থানের প্রশংসা করেন। পাশাপাশি ভবিষ্যতে সহযোগিতা আরও জোরদারের আশ্বাস দেন তিনি।

বৈঠকে ভিয়েনায় নিযুক্ত বাংলাদেশের কূটনৈতিক মিশনের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/এমএস

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশিদের ট্যুরিস্ট ভিসা চালুর চেষ্টা অব্যাহত রয়েছে: প্রণয় ভার্মা
বাংলাদেশিদের ট্যুরিস্ট ভিসা চালুর চেষ্টা অব্যাহত রয়েছে: প্রণয় ভার্মা
ঈদে সড়কের বিশৃঙ্খলা প্রতিরোধে বিআরটিএর হটলাইন নম্বর
ঈদে সড়কের বিশৃঙ্খলা প্রতিরোধে বিআরটিএর হটলাইন নম্বর
দিনাজপুরে সাদাসিধে সফরে প্রধানমন্ত্রী, স্থানীয়দের বিস্ময়
দিনাজপুরে সাদাসিধে সফরে প্রধানমন্ত্রী, স্থানীয়দের বিস্ময়