• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

জনগণকে সঙ্গে নিয়েই এলাকার সমস্যা সমাধানে উদ্যোগ নেবে প্রতিমন্ত্রী ইশরাক

নিজস্ব প্রতিবেদক    ১৬ মার্চ ২০২৬, ০৮:৪৯ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন জানিয়েছেন, জনগণকে সঙ্গে নিয়ে এলাকায় থাকা জটিল সমস্যাগুলো ধাপে ধাপে সমাধান করার চেষ্টা করা হবে। এজন্য তিনি এলাকাবাসীর সহযোগিতা ও ধৈর্য কামনা করেছেন।

সোমবার (১৬ মার্চ) ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের উদ্যোগে ৩৭ নং ওয়ার্ডের সাধারণ জনগণের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী ভোটারদের উদ্দেশ্যে বলেন, “ভোট দিয়ে আমাকে সংসদ সদস্য নির্বাচিত করার জন্য আমি সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। একই সঙ্গে আমাকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়ায় মহান সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞ।”

ইশরাক হোসেন বলেন, “সরকার গঠনের এক মাসও পূর্ণ হয়নি। এর মধ্যেই প্রধানমন্ত্রী তারেক রহমান বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন। তিনি ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করেছেন, যা কিছুদিনের মধ্যেই এই এলাকায় চালু হবে। যেসব পরিবার এ সুবিধা পাওয়ার যোগ্য, তাদের তালিকা করে সে অনুযায়ী কার্ড বিতরণ করা হবে।”

প্রধানমন্ত্রীর খালকাটা কর্মসূচির উদ্বোধন এবং বুড়িগঙ্গা নদীর দূষণ ও ন্যাশনাল হাসপাতাল উন্নয়নের প্রতিশ্রুতির প্রসঙ্গ উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, “বুড়িগঙ্গা নদীর দূষণমুক্ত পরিবেশ নিশ্চিত করে এলাকাকে বসবাসযোগ্য করা হবে। ন্যাশনাল হাসপাতালকে এমনভাবে গড়ে তোলা হবে, যাতে সাধারণ মানুষ কম খরচে উন্নত চিকিৎসা পেতে পারে।”

এলাকার কর্মসংস্থান বৃদ্ধির উদ্যোগ সম্পর্কেও তিনি জানান, “বেকারত্ব দূর করে মানুষের জন্য কর্মসংস্থান সৃষ্টি করা হবে, যাতে সবাই স্বাবলম্বী হয় এবং কেউ অভাব-অনটনে না থাকে।”

গ্যাস সংকট নিয়ে প্রতিমন্ত্রী বলেন, “নির্বাচনের আগে এলাকাবাসীকে গ্যাস সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছিলাম। দায়িত্ব নেওয়ার পর তিতাস গ্যাস কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করা হয়েছে। এলাকায় গ্যাস পাইপলাইনের সমস্যাগুলো ইতিমধ্যে চিহ্নিত করা হয়েছে। মধ্যপ্রাচ্যের পরিস্থিতির কারণে বিশ্বব্যাপী জ্বালানি সংকট দেখা দিয়েছে, তবু এখানে প্রভাব কমাতে কাজ করা হবে।”

ইশরাক হোসেন আরও বলেন, “এলাকার অন্যান্য সমস্যা সমাধানে নিয়মিত বৈঠক করা হবে। অন্তত দুই সপ্তাহে একবার এলাকাবাসীর সঙ্গে বসে সমস্যাগুলো শোনা হবে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।”

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি জানান, দায়িত্ব নেওয়ার পর সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও মহানগর পুলিশের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করা হয়েছে এবং এলাকায় শৃঙ্খলা বজায় রাখতে কঠোর বার্তা দেওয়া হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, “সব ধর্ম ও বয়সের মানুষ—হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টান—নিরাপদে চলাফেরা করতে পারবে, তা নিশ্চিত করতে সরকার কাজ করছে।”

এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাদেরও এলাকায় সমস্যা চিহ্নিত করে তালিকা তৈরির আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ৩৭ নং ওয়ার্ড কাউন্সিলর ও ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের আহ্বায়ক সুমন ভুঁইয়া।

ভিওডি বাংলা/সবুজ/এমএস 


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঈদে সড়কের বিশৃঙ্খলা প্রতিরোধে বিআরটিএর হটলাইন নম্বর
ঈদে সড়কের বিশৃঙ্খলা প্রতিরোধে বিআরটিএর হটলাইন নম্বর
দিনাজপুরে সাদাসিধে সফরে প্রধানমন্ত্রী, স্থানীয়দের বিস্ময়
দিনাজপুরে সাদাসিধে সফরে প্রধানমন্ত্রী, স্থানীয়দের বিস্ময়
ঈদযাত্রা: শেষ কর্মদিবসে ঘরমুখো মানুষের চাপ
ঈদযাত্রা: শেষ কর্মদিবসে ঘরমুখো মানুষের চাপ