• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

প্রতিশ্রুতি রাখবে সরকার, আগামী মাসেই কৃষক কার্ড: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক    ১৬ মার্চ ২০২৬, ০৮:৩৩ পি.এম.
ছবি: সংগৃহীত

নির্বাচনী ইশতেহার অনুযায়ী সরকারের প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়নের কাজ শুরু হয়েছে, পাশাপাশি সকলের সহযোগিতা কামনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (১৬ মার্চ) দিনাজপুর জেলা বিএনপি আয়োজিত সুধি সমাবেশ ও ইফতার মাহফিলে অংশ নিয়ে তিনি এসব তথ্য জানান।

প্রধানমন্ত্রী বলেন, “মানুষের প্রতি যে প্রতিশ্রুতি ছিল, সবগুলো বাস্তবায়নে কাজ শুরু করেছি। ফ্যামিলি কার্ড, ধর্মীয় প্রতিষ্ঠানের ব্যক্তিদের সম্মান এবং খাল খনন কর্মসূচির পর আগামী মাসের মধ্যে কৃষক কার্ড বিতরণের কাজ শুরু করবে সরকার।”

তিনি আরও জানান, দিনাজপুরে কৃষি সংক্রান্ত কারখানা ও হিমাগার স্থাপনের বিষয়ে সরকারের ভেতরে আলোচনা চলছে।

সকলকে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার কাজে অংশ নেয়ার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, “দেশ গড়তে হলে সবাইকে এক হয়ে কাজ করতে হবে। যে সমস্যা তৈরি হয়েছে, তা সমাধানে সময় প্রয়োজন। এই সরকার আপনারা গঠন করেছেন, আপনাদের সহযোগিতা থাকলে প্রত্যাশিত বাংলাদেশ গড়তে সরকার কাজ করবে।”

নারীদের ক্ষমতায়ন ও উন্নয়নে সরকারের পদক্ষেপ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, “এক মাসের কম সময়ে ওয়াদা পূরণে বিএনপি সরকার কাজ শুরু করেছে। অর্ধেক জনগোষ্ঠী নারীকে পেছনে ফেলে দেশকে এগিয়ে নেয়া সম্ভব নয়। ফ্যামিলি কার্ড সব পরিবার পাবে; যাদের পাওয়া উচিত না, তারা আশা করি নেবেন না। ১৫টি জায়গায় পাইলট প্রজেক্টের আওতায় ৩৭ হাজার কার্ড বিতরণ করা হয়েছে, নারীকে সাবলম্বী করতে।”

সাবধানবার্তা দিয়ে তিনি বলেন, “গত সরকারের অনিয়ম ও লুটপাটের ইতিহাস মনে রাখবেন। বিগত ১৬ বছরে দেশে তেমন কোনো উন্নয়ন হয়নি। ১ বা ১৫ মাসে সব সমস্যার সমাধানও সম্ভব নয়। ধৈর্য ধরতে হবে। যারা ভোট দিয়েছে, যারা দেয়নি—তাদের সবার সরকার বর্তমান সরকার; প্রত্যাশিত বাংলাদেশ গড়তে দিন রাত কাজ করবে সরকার। এজন্য সবার সহযোগিতা চাই।”

প্রধানমন্ত্রী রাজনীতির লক্ষ্য ব্যাখ্যা করে বলেন, “বিএনপির রাজনীতি মানুষের ভাগ্য পরিবর্তন করে। আজ যে ব্যক্তি মাসে ৫ হাজার টাকা আয় করছে, আমরা চাই তার আয় আগামী দুই-চার বছরের মধ্যে ৫ থেকে ১০ হাজারে পৌঁছাক। যারা দুই হাজার টাকা আয় করছে, তাদের ইনকামও দ্বিগুণ হবে। এটাই আমাদের রাজনীতির লক্ষ্য, শহীদ জিয়ার রাজনীতি, খালেদা জিয়ার রাজনীতি, এবং আপনাদের নির্বাচিত বিএনপি সরকারের রাজনীতি।”

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দিনাজপুরে সাদাসিধে সফরে প্রধানমন্ত্রী, স্থানীয়দের বিস্ময়
দিনাজপুরে সাদাসিধে সফরে প্রধানমন্ত্রী, স্থানীয়দের বিস্ময়
ঈদযাত্রা: শেষ কর্মদিবসে ঘরমুখো মানুষের চাপ
ঈদযাত্রা: শেষ কর্মদিবসে ঘরমুখো মানুষের চাপ
র‍্যাব বিলুপ্তি চেয়ে প্রধানমন্ত্রীকে এইচআরডব্লিউ, অ্যামনেস্টির চিঠি
র‍্যাব বিলুপ্তি চেয়ে প্রধানমন্ত্রীকে এইচআরডব্লিউ, অ্যামনেস্টির চিঠি