ইরান যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় ১২ বিলিয়ন ডলার: হোয়াইট হাউস

ইরানের সঙ্গে চলমান সামরিক সংঘাতে অল্প সময়েই বিপুল ব্যয়ের মুখে পড়েছে যুক্তরাষ্ট্র। গত ২৮ ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত এ যুদ্ধের পেছনে প্রায় ১২ বিলিয়ন ডলার ব্যয় হয়েছে বলে জানিয়েছেন হোয়াইট হাউসের ন্যাশনাল ইকোনমিক কাউন্সিলের পরিচালক কেভিন হ্যাসেট।
রোববার সিবিএসের ‘ফেস দ্য নেশন’ অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, এই হিসাব এখন পর্যন্ত পরিচালিত সামরিক কার্যক্রমের ব্যয় নির্দেশ করে। তবে এটি পুরো অভিযানের মোট ব্যয় নয় বলেও তিনি উল্লেখ করেন।
হ্যাসেট আরও জানান, বর্তমান পরিস্থিতিতে এই সামরিক অভিযানের জন্য কংগ্রেসের কাছ থেকে অতিরিক্ত অর্থ বরাদ্দ নেওয়ার প্রয়োজন হবে বলে মনে করছে না প্রশাসন। বিদ্যমান অস্ত্র মজুদ ব্যবহার করেই অভিযান চালিয়ে নেওয়া সম্ভব বলে ধারণা করা হচ্ছে।
এর আগে মার্কিন সংবাদপত্র নিউ ইয়র্ক টাইমস পেন্টাগনের ব্রিফিংয়ের বরাত দিয়ে জানায়, যুদ্ধ শুরুর প্রথম ছয় দিনেই ব্যয় ১১ দশমিক ৩ বিলিয়ন ডলার ছাড়িয়ে যায়।
অভিযানের সম্ভাব্য সময়সীমা প্রসঙ্গে হ্যাসেট বলেন, প্রতিরক্ষা দফতরের মূল্যায়ন অনুযায়ী পুরো মিশন শেষ হতে চার থেকে ছয় সপ্তাহ সময় লাগতে পারে। বর্তমানে অভিযান নির্ধারিত পরিকল্পনার তুলনায় কিছুটা এগিয়েই রয়েছে।
ভিওডি বাংলা/এমএস







