ইরাকে মার্কিন দূতাবাসে ক্ষেপণাস্ত্র হামলা

ইরাকের রাজধানী বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাসে শনিবার (১৪ মার্চ) সকালে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে। হামলার পর দূতাবাসের ভিতর থেকে ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়।
দুই ইরাকি নিরাপত্তা কর্মকর্তার বরাতে অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটি বাগদাদের অত্যন্ত সুরক্ষিত গ্রিন জোনে প্রবেশ করার পর সরাসরি দূতাবাসের সীমানার ভেতরে গিয়ে আঘাত হানে। গ্রিন জোন হলো ইরাকের সরকারি প্রতিষ্ঠান ও বিদেশি দূতাবাসের জন্য সংরক্ষিত এলাকা।
একটি নিরাপত্তা সূত্র এএফপি-কে নিশ্চিত করেছে, ড্রোনও একই কূটনৈতিক স্থাপনাটিকে লক্ষ্য করে হামলা চালিয়েছিল। উল্লেখ্য, বাগদাদে এই হামলা ঘটেছে ঠিক সেই সময়ে যখন ইরান-সমর্থিত দুই যোদ্ধা নিহত হয়।
প্রসঙ্গত, ৮ মার্চ ধারণ করা ছবিতে দেখা গেছে, বাগদাদের গ্রিন জোনে মার্কিন দূতাবাসের সদর দপ্তর অত্যন্ত সুরক্ষিত। হামলার একদিন আগে, শুক্রবার দূতাবাস ‘লেভেল ৪’ নিরাপত্তা সতর্কতা নবায়ন করেছিল। এতে বলা হয়েছিল, ইরান ও ইরান-ঘনিষ্ঠ মিলিশিয়া গোষ্ঠী অতীতে মার্কিন নাগরিক, স্বার্থ ও অবকাঠামোর ওপর হামলা চালিয়েছে এবং ভবিষ্যতেও তাদের লক্ষ্যবস্তু করতে পারে।
এই ঘটনার পর গ্রিন জোনে সশস্ত্র বাহিনী ও নিরাপত্তা কর্মকর্তারা সতর্ক অবস্থান নিয়েছে এবং তদন্ত শুরু হয়েছে।
ভিওডি বাংলা/এমএস







