জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত অ্যাথলেট শামিমা সাত্তার মিমু আর নেই

দেশের অ্যাথলেটিক্স অঙ্গনে জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত শামিমা সাত্তার মিমু মারা গেছেন। তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার খালাতো বোন ছিলেন।
শুক্রবার (১৩ মার্চ) রাত আনুমানিক ১১টার দিকে রাজধানী ঢাকার নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার ছেলে শাহরিয়ার শরীফ। মিমু দীর্ঘদিন ধরে ডায়াবেটিস ও হৃদরোগ-জনিত সমস্যায় ভুগছিলেন।
ক্রীড়াজীবন শেষে শামিমা সাত্তার মিমু দেশের অ্যাথলেটিক্স অঙ্গনে প্রশাসনিক ও প্রশিক্ষণ কার্যক্রমের মাধ্যমে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তিনি বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য ছিলেন এবং বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)-এর উপ-পরিচালক (প্রশিক্ষণ) হিসেবে দায়িত্ব পালন করেছেন।
শুধু প্রশাসনিক দায়িত্বই নয়, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের বিভিন্ন অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় তিনি প্রশিক্ষক ও বিচারক হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। দেশের অ্যাথলেটিক্সের উন্নয়নে তার অবদান ক্রীড়ামহলে গভীরভাবে স্মরণীয় হয়ে থাকবে।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, মিমুর শেষ ইচ্ছা অনুযায়ী মরদেহ দিনাজপুরে নেওয়া হবে এবং তার পিতার কবরের পাশে দাফন সম্পন্ন হবে।
ভিওডি বাংলা/জা







