খার্গ দ্বীপে মার্কিন হামলার পর কঠোর হুঁশিয়ারি ইরানের

ইরানের প্রধান তেল রপ্তানি কেন্দ্র খার্গ দ্বীপে মার্কিন হামলার পর তেহরান আঞ্চলিক জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে পাল্টা আঘাত হানার হুঁশিয়ারি দিয়েছে। দেশটির সামরিক কর্তৃপক্ষ জানিয়েছে, ইরানের তেল স্থাপনায় হামলা হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতা করা কোম্পানিগুলোর জ্বালানি স্থাপনাও নিরাপদ থাকবে না।
ইরানি সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, দেশটির সশস্ত্র বাহিনীর আল-আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স এক সতর্কবার্তায় বলেছে, ইরানের তেল ও জ্বালানি অবকাঠামোর ওপর আঘাত এলে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পৃক্ত তেল কোম্পানিগুলোর স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা হবে।
বিবৃতিতে আরও বলা হয়, এমন কোম্পানির তেল ও জ্বালানি স্থাপনাগুলোকে তাৎক্ষণিকভাবে ধ্বংস করে দেওয়া হতে পারে।
এই হুঁশিয়ারি আসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক বক্তব্যের পর। তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র ইরানের প্রধান তেল রপ্তানি কেন্দ্র খার্গ দ্বীপে অবস্থিত সামরিক লক্ষ্যবস্তু ধ্বংস করেছে।
খার্গ দ্বীপ ইরানের তেল রপ্তানির সবচেয়ে গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে পরিচিত। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির মোট তেল রপ্তানির প্রায় ৯০ শতাংশ এই দ্বীপের টার্মিনালের মাধ্যমে পাঠানো হয়।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প দাবি করেন, খার্গ দ্বীপে থাকা সব সামরিক লক্ষ্যবস্তু সম্পূর্ণভাবে ধ্বংস করা হয়েছে। তবে তিনি উল্লেখ করেন, দ্বীপের তেল অবকাঠামো ধ্বংস করা হয়নি।
একই সঙ্গে ট্রাম্প সতর্ক করে বলেন, যদি ইরান বা অন্য কোনো পক্ষ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের স্বাধীনতা ও নিরাপত্তায় বাধা সৃষ্টি করে, তাহলে তিনি সেই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবেন।
ভিওডি বাংলা/এমএস







