দেশ-বিদেশের ১৬০০ মুসল্লি
যশোরে এক মসজিদে ইতিকাফের মহামিলন

যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের সতীঘাটা এলাকায় এখন বিরাজ করছে এক উৎসবমুখর আধ্যাত্মিক পরিবেশ। সতীঘাটা আশরাফুল মাদারিস কম্পাউন্ডের মসজিদে এবার ইতিকাফে অংশ নিয়েছেন দেশ-বিদেশের প্রায় ১ হাজার ৬০০ মুসল্লি। যার মধ্যে ৭৫ জন এসেছেন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে, যা দক্ষিণবঙ্গের ধর্মীয় ইতিহাসে এক অনন্য নজির সৃষ্টি করেছে।
মাদরাসা কর্তৃপক্ষের তথ্যমতে, এবারের ইতিকাফে অংশ নেওয়া বিদেশি নাগরিকদের মধ্যে রয়েছেন ভারত, পাকিস্তান, মিয়ানমার, সিঙ্গাপুর, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, যুক্তরাষ্ট্র এবং পানামার নাগরিকরা। দক্ষিণ আফ্রিকার বিশিষ্ট আলেম শায়খ ইব্রাহিম আফ্রিকি বর্তমানে এখানে অবস্থান করছেন। শায়খুল হাদিস মাহমুদুল হাসান গাঙ্গুহি (রহ.)-এর সিলসিলার এই আলেমকে কেন্দ্র করেই দেশ-বিদেশের ধর্মপ্রাণ মুসল্লিরা এখানে সমবেত হয়েছেন।
সাধারণত ২০ রমজান থেকে সুন্নত ইতিকাফ শুরু হলেও অনেকে ১ রমজান থেকেই নফল ইতিকাফে অংশ নিয়েছেন।
২০২৩ সাল থেকে এখানে বৃহৎ পরিসরে ইতিকাফের আয়োজন শুরু হয়। প্রতি বছরই এই সংখ্যা বাড়ছে। মাদরাসার মহাপরিচালক মাওলানা নাসীরুল্লাহ জানান, এই বিশাল সংখ্যক মানুষের সাহরি, ইফতার ও আবাসনের ব্যবস্থা করছে মাদরাসা কর্তৃপক্ষ। এই বিশাল কর্মযজ্ঞ সামলাতে মাদরাসার শিক্ষক, কর্মচারী ছাড়াও ১ হাজার ৮০০ শিক্ষার্থীর একটি বড় অংশ স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করছেন।
মাদরাসার শিক্ষাসচিব হাফেজ মাওলানা সাব্বির আহমাদ বলেন, "এটি কেবল একটি ইতিকাফ নয়, এটি বিশ্ব মুসলিম ভ্রাতৃত্বের এক অনন্য উদাহরণ। দেশ-বিদেশের নানা ভাষা ও বর্ণের মানুষ এখানে এক কাতারে বসে মহান আল্লাহর সান্নিধ্য খুঁজছেন।"
এর আগে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড, চট্টগ্রাম বা সিলেটে বড় ইতিকাফের আয়োজন দেখা গেলেও, সতীঘাটা এখন দক্ষিণবঙ্গের অন্যতম প্রধান ধর্মীয় কেন্দ্রে পরিণত হয়েছে। শান্ত পরিবেশ ও সুশৃঙ্খল ব্যবস্থাপনার কারণে দূর-দূরান্তের মুসল্লিদের কাছে এটি এখন পছন্দের শীর্ষ তালিকায়।
ভিওডি বাংলা/জুবায়ের হোসেন/আ







