হামলার ৪৪তম ধাপ শুরু করেছে ইরান

পশ্চিম এশিয়ায় উত্তেজনা আবারও তীব্র হয়েছে। ইরান ঘোষণা দিয়েছে, তারা ‘অপারেশন ট্রু প্রমিস-৪’-এর ৪৪তম ধাপ শুরু করেছে এবং এর অংশ হিসেবে ইসরায়েল-নিয়ন্ত্রিত এলাকা ও অঞ্চলে থাকা মার্কিন সামরিক স্থাপনাগুলোতে হামলা চালানো হচ্ছে।
শুক্রবার এক বিবৃতিতে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানায়, প্রতিরোধ আন্দোলনের কয়েকজন গুরুত্বপূর্ণ নেতার স্মরণে এই সামরিক অভিযান পরিচালনা করা হয়েছে। যাদের স্মরণে এই অভিযান চালানো হয়েছে তাদের মধ্যে রয়েছেন ইরানের সাবেক জেনারেল কাসেম সোলাইমানি, হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ এবং ফিলিস্তিনি নেতা ইসমাইল হানিয়াসহ আরও অনেকে।
আইআরজিসির বিবৃতিতে বলা হয়, পবিত্র রমজান মাসের ২৩তম রাতে পরিচালিত এই অভিযানে উত্তরাঞ্চলের কয়েকটি ইসরায়েল-নিয়ন্ত্রিত শহরকে লক্ষ্যবস্তু করা হয়। এর মধ্যে হাইফা ও হাদেরা শহরের নাম উল্লেখ করা হয়েছে।
সংস্থাটি আরও দাবি করেছে, অভিযানের অংশ হিসেবে পশ্চিম এশিয়ায় অবস্থিত কয়েকটি মার্কিন সামরিক স্থাপনাতেও হামলা চালানো হয়েছে। এসব লক্ষ্যবস্তুর মধ্যে বাহরাইনের রাজধানী মানামায় অবস্থিত যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের স্থাপনাও রয়েছে বলে উল্লেখ করা হয়।
তবে এ বিষয়ে এখন পর্যন্ত ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া কিংবা ক্ষয়ক্ষতির নিশ্চিত তথ্য প্রকাশ করা হয়নি।
ভিওডি বাংলা/এমএস







