• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

রাষ্ট্রপতির কাছেই শপথ নিয়েছিলেন, এখন বিরোধিতা কেন: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক    ১২ মার্চ ২০২৬, ০৭:৫১ পি.এম.
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণকে কেন্দ্র করে বিরোধী দলের ওয়াকআউটের ঘটনায় তাদের অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি জানতে চান, যে রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা করেই অন্তর্বর্তী সরকার শপথ নিয়েছিল, এখন সেই রাষ্ট্রপতির বিরোধিতা কেন করা হচ্ছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে সংসদ অধিবেশন মুলতবি হওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী এ মন্তব্য করেন।

বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের বক্তব্যের জবাবে তিনি বলেন, “৫ ও ৬ আগস্ট একই রাষ্ট্রপতির সঙ্গে বিরোধী দলের নেতারা আলোচনা করেছেন এবং তাঁর সামনেই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা শপথ নিয়েছেন। এমনকি সেই সময় সংশ্লিষ্টদের মধ্যে কয়েকজন এখন সংসদের সদস্য হিসেবেও শপথ নিয়েছেন। তাই এখন রাষ্ট্রপতির বিরোধিতা কেন করা হচ্ছে, সেটা তাদেরই জিজ্ঞেস করা উচিত।”

তবে তিনি বলেন, সংসদীয় গণতন্ত্রে ওয়াকআউট অস্বাভাবিক কিছু নয়। বিরোধী দল চাইলে এমন পদক্ষেপ নিতে পারে বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তার ভাষায়, গণতান্ত্রিক রাজনীতিতে ওয়াকআউট দীর্ঘদিনের প্রচলিত একটি পদ্ধতি।

এর আগে বিকেলের অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ শুরুর আগে সংসদ কক্ষে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতিকে ভাষণ দেওয়ার আহ্বান জানানোর পর জামায়াতে ইসলামীর নেতৃত্বে বিরোধীদলীয় সদস্যরা প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ শুরু করেন। তারা ‘জুলাই নিয়ে গাদ্দারি চলবে না’ এবং ‘গণতন্ত্র চাই, ফ্যাসিজম নয়’—স্লোগান দিতে দিতে একপর্যায়ে সংসদ কক্ষ থেকে ওয়াকআউট করেন।

বিরোধী দলের সদস্যরা কক্ষ ত্যাগ করার পরও অধিবেশন চলতে থাকে। তাদের অনুপস্থিতিতেই রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংসদে তাঁর লিখিত ভাষণ পাঠ করেন। ভাষণে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করায় প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিএনপিকে অভিনন্দন জানান তিনি। একই সঙ্গে জুলাই গণ–অভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং দেশে একটি শক্তিশালী বিরোধী দলের প্রত্যাশার কথাও উল্লেখ করেন রাষ্ট্রপতি।

ভিওডি বাংলা/এমএস  


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জাতীয় সংসদ হবে সব রাজনৈতিক ও প্রশাসনিক কর্মকাণ্ডের প্রাণকেন্দ্র
নবনির্বাচিত স্পিকার জাতীয় সংসদ হবে সব রাজনৈতিক ও প্রশাসনিক কর্মকাণ্ডের প্রাণকেন্দ্র
মাতুয়াইল ল্যান্ডফিল্ড হবে আধুনিক রিসোর্স পার্ক
​সরকারের নির্বাচনী ইশতেহার: মাতুয়াইল ল্যান্ডফিল্ড হবে আধুনিক রিসোর্স পার্ক
গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদ সরকারের পতন ঘটেছে: সংসদে রাষ্ট্রপতি
গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদ সরকারের পতন ঘটেছে: সংসদে রাষ্ট্রপতি