নতুন সংসদে ১১ সদস্যের কমিটি গঠন, দায়িত্বে যারা

ত্রয়োদশ জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে নূরুল ইসলাম মনিকে সভাপতি করে ১১ সদস্যের সংসদ কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অধিবেশনে কমিটির সদস্যদের নাম ঘোষণা করা হয় এবং কণ্ঠভোটে তা অনুমোদিত হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন—রাকিবুল ইসলাম, মিয়া নুরুদ্দিন আহম্মেদ অপু, কায়ছার আহমদ, শহীদুল ইসলাম, নায়াব ইউসুফ আহমেদ, জাহাঙ্গীর হোসেন, অলি উল্লাহ, সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, সাইফুল আলম ও আবুল হাসনাত।
এর আগে সকাল ১১টা ৫ মিনিটে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অধিবেশন শুরু হয়। চব্বিশের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে দ্বাদশ সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী ও ডেপুটি স্পিকার শামসুল হক টুকু অনুপস্থিত থাকায় প্রবীণ সংসদ সদস্য খন্দকার মোশাররফ হোসেনকে সর্বসম্মতভাবে অধিবেশন পরিচালনার দায়িত্ব দেওয়া হয়।
সকাল ১০টা ৫৫ মিনিটে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান অধিবেশন কক্ষে প্রবেশ করলে সরকার ও বিরোধী দলের সংসদ সদস্যরা টেবিল চাপিয়ে তাকে অভিনন্দন জানান। এটি তারেক রহমানের প্রথম সংসদ সদস্য হিসেবে সংসদে প্রবেশ।
অধিবেশন শুরুতে সংসদ সচিবালয়ের সচিব কানিজ মাওলা কার্যক্রমের সূচনা করেন। স্পিকারের চেয়ার ফাঁকা থাকায় রাষ্ট্রপতির চেয়ার স্পিকার চেয়ারের পাশে রাখা হয়। সংসদ নেতা তারেক রহমান উপস্থিত সদস্যদের মধ্যে প্রবীণ সংসদ সদস্য খন্দকার মোশাররফ হোসেনকে সভাপতি হিসেবে প্রস্তাব দেন।
সরকারি দলের পক্ষ থেকে প্রস্তাবে সমর্থন জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিরোধী দলের উপনেতা, জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরও সমর্থন জানান। সংসদ সদস্যরা টেবিল চাপিয়ে সম্মতি জানালে খন্দকার মোশাররফ হোসেনকে স্পিকারের আসনে বসানো হয়।
এদিনের অধিবেশন ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন এবং ২০২৬ সালের প্রথম অধিবেশন। উল্লেখ্য, চব্বিশের গণঅভ্যুত্থানের আগে আওয়ামী লীগের সরকারের শেষ সংসদ অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল ২০২৪ সালের ৩ জুলাই। ওই বাজেট অধিবেশনে ২০২৪-২৫ অর্থবছরের বাজেট পাস হয়।
এরপর ছাত্র-জনতার আন্দোলনের ফলে শেখ হাসিনা সরকারের পতন ঘটে। অন্তর্বর্তী সরকার নির্বাচনের প্রস্তুতি নেয়ার পর ১২ ফেব্রুয়ারি ভোট অনুষ্ঠিত হয়। নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করে বিএনপি, এবং সংসদ সদস্যরা ১৭ ফেব্রুয়ারি শপথ গ্রহণ করেন।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ২৩ ফেব্রুয়ারি সংবিধানের ৭২(১) অনুচ্ছেদের ভিত্তিতে অধিবেশন আহ্বান করেন। পরে সংসদ সচিবালয় আনুষ্ঠানিকভাবে অধিবেশনের সূচি প্রকাশ করে।
সংসদীয় রীতিমতো বছরের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি ভাষণ দেন।
ভিওডি বাংলা/এমএস







