ইরানি ড্রোনের আঘাতে কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দর বিধ্বস্ত

ইরান থেকে ছোড়া বিস্ফোরকবাহী ড্রোনের আঘাতে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। এ ঘটনায় বিমানবন্দরের বিভিন্ন স্থাপনায় ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
কুয়েতভিত্তিক সংবাদমাধ্যম টাইমস কুয়েত দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ দ্য ডিরেক্টোরেট জেনারেল অব সিভিল এভিয়েশন (ডিজেসিএ)-এর বিবৃতির বরাত দিয়ে এ তথ্য প্রকাশ করেছে।
ডিজিসিএ-এর বিবৃতিতে বলা হয়েছে, “আজ বৃহস্পতিবার সকালে কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দরে বেশ কয়েকটি বিস্ফোরকবাহী ড্রোন আঘাত করেছে। এতে বিমানবন্দরের বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। কর্তৃপক্ষ ক্ষয়ক্ষতির পরিমাণ হিসেব করছে এবং বিমানবন্দরের ক্ষতিগ্রস্ত অংশ মেরামতের ব্যবস্থা নিচ্ছে।”
এদিকে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে গত ৬ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত তেহরান ও ওয়াশিংটনের মধ্যে টানা ২১ দিন আলোচনা চলে। তবে ২৭ ফেব্রুয়ারি সেই আলোচনা কোনো সমঝোতা ছাড়াই শেষ হয়।
এর পরদিন ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ইরানে ‘অপারেশন এপিক ফিউরি’ নামে সামরিক অভিযান শুরু করে। একই সময়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় রেখে ইসরায়েলও ইরানে ‘অপারেশন রোয়ারিং লায়ন’ নামে অভিযান চালায়।
সংঘাতের প্রথম দিনেই, ২৮ অক্টোবর, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ অন্তত ৪০ জন সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তা নিহত হন।
এই হামলার প্রতিক্রিয়ায় ইরান ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের ছয় দেশ—সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও ওমানে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি এবং বিভিন্ন বেসামরিক স্থাপনায় ধারাবাহিকভাবে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে।
সূত্র: টাইমস কুয়েত
ভিওডি বাংলা/এমএস







