ছাত্রদল নেতার মৃত্যু
চিকিৎসা অবহেলার অভিযোগে তদন্ত কমিটি গঠন

পটুয়াখালীর গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রাঙ্গাবালী সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক নিবিড় গাজীর মৃত্যুর ঘটনায় চিকিৎসা অবহেলার অভিযোগ তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) পটুয়াখালী সিভিল সার্জন কার্যালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়।
সিভিল সার্জন ডা. মোহাম্মদ খালেদুর রহমান মিয়ার স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, গত ৯ মার্চ গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিবিড় মাহমুদ নামে এক কিশোরের মৃত্যুর ঘটনায় বিভিন্ন গণমাধ্যমে চিকিৎসা অবহেলার অভিযোগ ওঠে। বিষয়টি তদন্তের জন্য এ কমিটি গঠন করা হয়েছে।

গঠিত তদন্ত কমিটির সভাপতি করা হয়েছে বাউফল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আব্দুর রউফকে। কমিটির সদস্য হিসেবে রয়েছেন বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট (সার্জারি) ডা. শেখ শহিদুল ইসলাম এবং সদস্য সচিব করা হয়েছে সহকারী সার্জন ডা. গোলাম মোস্তাহিদ তাসরিফকে।
এই কমিটিকে আগামী চার কর্মদিবসের মধ্যে ঘটনাস্থলে সরেজমিনে তদন্ত করে প্রতিবেদন সিভিল সার্জনের কাছে দাখিল করতে নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত সোমবার বিকালে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রাঙ্গাবালী সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক নিবিড় গাজীর মৃত্যু হয়। নিবিড়ের পরিবারের অভিযোগ, কর্তব্যরত চিকিৎসকের অবহেলার কারণে তার মৃত্যু হয়েছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, অতিরিক্ত ডায়রিয়ায় আক্রান্ত হয়ে গুরুতর অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল এবং চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় গত ৯ মার্চ ‘রাঙ্গাবালীতে ছাত্রদল নেতার মৃত্যু, চিকিৎসকের অবহেলার অভিযোগ’ এই শিরোনামে বিভিন্ন মিডিয়ায় সংবাদ প্রকাশিত হয়।
ভিওডি বাংলা/মোঃ কাওছার আহম্মেদ/আ







