সেলিম খানের শারীরিক অবস্থার উন্নতি

বলিউডের কিংবদন্তি চিত্রনাট্যকার এবং সালমান খানের বাবা সেলিম খান, যার কলমে সৃষ্টি হয়েছে অসংখ্য কালজয়ী চলচ্চিত্রের গল্প। তবে গত কয়েক সপ্তাহ ধরে এই প্রিয় মুখকে ঘিরে ছিল উদ্বেগ ও উৎকণ্ঠা। হঠাৎ মস্তিষ্কে রক্তক্ষরণে গুরুতর অসুস্থ হয়ে গত ১৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয় তাকে। কয়েক দিন জীবনরক্ষাকারী যন্ত্রের সহায়তায় থাকার পর অবশেষে মিলেছে স্বস্তির খবর। চিকিৎসায় ধীরে ধীরে সাড়া দিচ্ছেন এই প্রবীণ শিল্পী, এতে ভক্ত-অনুরাগীদের মনে ফিরেছে আশার আলো।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, সেলিম খানের বর্তমান অবস্থা এখন স্থিতিশীল। তিনি উঠে বসতে পারছেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথাও বলছেন। তার সুস্থতার খবরে খান পরিবারে স্বস্তির পরিবেশ তৈরি হয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী তিন থেকে চার দিনের মধ্যেই হাসপাতাল থেকে তাকে ছাড়পত্র দেওয়া হতে পারে।
এর আগে চিত্রনাট্যকার জাভেদ আখতার ও অভিনেত্রী ডেইজি শাহ জানিয়েছিলেন, প্রবীণ এই শিল্পী দ্রুত সেরে উঠছেন। তবে বাবার অসুস্থতার খবর প্রকাশ্যে আসা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন বলিউড তারকা সালমান খান। হাসপাতালে সেলিম খান ভর্তি হওয়ার পর থেকেই আলোকচিত্রী ও গণমাধ্যমকর্মীদের ভিড় দেখা যায় সেখানে এবং চিকিৎসকেরা নিয়মিত তার শারীরিক অবস্থার খবর জানাচ্ছিলেন। ব্যক্তিগত গোপনীয়তা বজায় না রেখে কেন এসব তথ্য বাইরে প্রকাশ করা হচ্ছে, তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সালমান খান।
ভিওডি বাংলা/আ







